পুলিশের হাত থেকে আসামির পলায়ন!
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভোনা গ্রামে পুলিশের হাত থেকে এক আসামি পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি-সংক্রান্ত বিরোধে গ্রামের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় ওই গ্রামে আসামি ধরতে যায় পুলিশ।গ্রামবাসী জানায়, গ্রামের সোনা মিয়া ও হারুনপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে মামলা-মোকদ্দমা চলছে। সোনা মিয়ার করা মামলার আসামি ধরতে গত মঙ্গলবার কটিয়াদী থানার পুলিশ গ্রামটিতে যায়। পুলিশ হারুনের পক্ষের কাঞ্চন মিয়াকে আটক করে। কিন্তু তাঁর সমর্থকেরা হইচই, টানাহেঁচড়া শুরু করলে এক সুযোগে কাঞ্চন পুলিশের হাত থেকে পালিয়ে যান। এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল বলে গ্রামবাসী জানায়।হারুন মিয়া জানান, সোনা মিয়ার লোকজন জমিতে কাজ করতে গেলে আমাদের মারধর করে। ফলে আমরা আমাদের বোরো জমিতে কাজ করতে পারছি না।কটিয়াদী থানার ওসি ফরিদ আহাম্মেদ জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আছে। ওই গ্রামে আসামি গ্রেপ্তারের চেষ্টা করলে হট্টগোলের সুযোগে কাঞ্চন পালিয়ে যান। হাতকড়া নিয়ে পালানোর কথা ঠিক নয়।