পুলিশের হাত থেকে জুয়াড়ি ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে ছয় জুয়াড়িকে থানায় নিয়ে আসছিল পুলিশ। এ সময় গ্রামবাসী চার জুয়াড়িকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দাইমুল্লা গ্রামে।
এলাকাবাসী জানান, ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। গভীর রাতে একদল যুবক দাইমুল্লা প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাস দিয়ে জুয়া খেলার আসর বসান। এ সময় পুলিশ ওই আসরে হানা দিয়ে ছয় জুয়াড়িকে আটক করে। তাঁদের হ্যান্ডকাফ লাগিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে আসার সময় গ্রামবাসী পুলিশের পথরোধ করে। এরপর বেশ কিছু সময় ধস্তাধস্তির পর পুলিশের কাছে থেকে আলিম উদ্দিন, মোজাফ্ফর হোসেন, আবু সাঈদ ও আবু বক্কর নামের চার যুবককে ছিনিয়ে নিয়ে যায়।
আজিজুল হক ও ফারুক আহমেদ নামের দুই জুয়াড়িকে থানায় আনার পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, সামান্য তাস খেলার অপরাধে ছয়জনকে আটক করায় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই কাণ্ড ঘটিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, বিষয়টি তেমন কিছু নয়। পরে পুলিশ রাতেই খোয়া যাওয়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে। পুলিশের কাছে ক্ষমা চাওয়ার পর মীমাংসা হয়ে গেছে।