পুলিশের হাত থেকে ডাকাতি মামলার আসামির পলায়ন
চট্টগ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামি। তাঁর নাম মোস্তফা হোসেন রানা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির জানান, গত শনিবার রাতে হালিশহর বি-ব্লক এলাকা থেকে চারটি ছুরিসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে মোস্তফা হোসেন রানাসহ চারজনকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। অন্য তিনজন হলেন খসরু, আবদুল আলম রানা ও নজরুল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে গতকাল বিকেলে চার আসামিকে আদালতে নিয়ে যান নগরের হালিশহর থানার এএসআই আবদুর রাজ্জাক।
আদালত ভবনে নিয়ে যাওয়ার পর কোর্ট পুলিশকে আসামি বুঝিয়ে দেওয়ার আগে মোস্তফা হোসেন পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তিন আসামিকে আদালতের হাজতখানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।