পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হাত থেকে রক্ষা পেতে গিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোয়ালিফা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রঞ্জু প্রামাণিক (২৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত ও এক আরোহী আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাতুরিয়া এলাকায় পুলিশ রঞ্জুকে থামতে বললে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের তিরাইলগামী সড়কে ঢুকে দ্রুত পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে তাড়া করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই নিহত হন রঞ্জু। তিনি গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আকবর আলী প্রামাণিকের ছেলে। দুর্ঘটনায় আহত হন একই গ্রামের রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেলটির নিবন্ধন ছিল না। তাই পুলিশ দেখে তিনি পালানোর চেষ্টা করছিলেন। চালকের অসাবধানতার কারণে গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।