পুলিশের হাত ভেঙে, হাতকড়া নিয়ে পালাল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে আজ রোববার দুপুরে মাদক মামলার আসামি পুলিশকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এবং বাঘায় ডাকাতি মামলার আরেক আসামি পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। দুটি ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চারঘাটের বাদুড়িয়া গ্রামের মহিদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দুপুরে চারঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন দুজন কনস্টেবল নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে বাদুড়িয়া গ্রামে যান। এসআই মোশাররফ হোসেন মহিদুলকে জাপটে ধরলে তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন এককাট্টা হয়ে মহিদুলকে তাঁর হাত থেকে ছিনিয়ে নেন। তারপর তাঁরা মোশাররফ হোসেনকে পিটিয়ে তাঁর ডান হাতের কবজি ভেঙে দেন। বেধড়ক পিটুনিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় জনতা গিয়ে তাঁদের হাত থেকে মোশাররফ হোসেনকে উদ্ধার করেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে চারঘাট থানার এএসআই আল মামুন মহিদুলকে গ্রেপ্তার করতে গেলে তাকেও লাঞ্ছিত করে সে পালিয়ে যায়। হামলার ঘটনায় এএসআই আল মামুন বাদী হয়ে মহিদুলসহ স্থানীয় লোকদের নামে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁরা মোশাররফের চিকিত্সা নিয়ে রাজশাহীতে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।

এদিকে সকাল সাতটার দিকে বাঘা থানার এএসআই সেলিম খান ও হাসান আলী উপজেলার কলিগ্রাম এলাকায় কামরুজ্জামান ওরফে বাবু (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করতে যান। তাঁর নামে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতনসহ ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁরা কামরুজ্জামানের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে তাঁর হাতে হাতকড়া লাগিয়ে দেন। এ সময় তাঁর বাবা ও মা হাঁসুয়া নিয়ে পুলিশকে তাড়া করেন। এই সুযোগে কামরুজ্জামান পুলিশের হাত থেকে হাতকড়া নিয়েই পালিয়ে যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলো ডটকমকে বলেন, সারা দিনেও হাতকড়া উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।