পুলিশের হাতে আটকের পর মাদক ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার খয়েরসুতি গ্রামের মাদকসেবী ও ব্যবসায়ী রেজাউল করিম (৫৫) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পরই মারা যান।
পুলিশের পক্ষ থেকে মৃত্যুর জন্য অসুস্থতাকে দায়ী করা হয়। তবে পুলিশের নির্যাতনে রেজাউল মারা গেছেন বলে তাঁর পরিবার দাবি করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রেজাউল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি পুলিশের হাতে আটক হন। তাঁর ওপর এলাকাবাসী বেশ ক্ষিপ্ত ছিল। গতকাল বেলা ১১টার দিকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে তাঁর বাড়ি থেকে আটক করে। এ সময় তাঁর কাছে ৬০ পুরিয়া গাঁজা পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আটকের পর উত্তেজিত এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলেই রেজাউলকে কয়েকটি চড়-থাপড় দেয়। এরপর তাঁকে গাড়িতে তুলে থানার উদ্দেশে রওনা হয় পুলিশ।
রেজাউলের ভাই আজমল হোসেন অভিযোগ করেন, থানায় নিয়ে তাঁর ভাইয়ের ওপর নির্যাতন চালায় পুলিশ। এতেই তিনি মারা যান।
তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রেজাউলকে পুলিশ আটক করে। কিন্তু থানায় আনার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান। তিনি আরও বলেন, দীর্ঘদিন মাদক সেবন করায় রেজাউল অসুস্থই ছিলেন। তাঁর হার্টের সমস্যা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাশকুড়ুল আলম বলেন, অসুস্থ রেজাউলকে হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পরই তিনি মারা যান। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।