পুলিশের হাতে আত্মীয়ের কামড়, সুযোগে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আবু সাঈদ (৩৫) নামের পলাতক এক আসামিকে আটক করে পুলিশ। কিন্তু ওই আসামিকে হাতকড়া পরানোর সময় তাঁর এক আত্মীয় পুলিশ কর্মকর্তার বাম হাতের কবজিতে সজোরে কামড়ে দেন। এতে ওই কর্মকর্তা সাঈদকে ছেড়ে দিতে বাধ্য হন। আর এ সুযোগে আবু সাঈদ দৌড়ে পালিয়ে যান।

এ ব্যাপারে ধরমপাশা থানার উপপরিদর্শক (এএসআই) মকবুলুর রহমান জানান, ‘২০০৯ সালের ১৯ জানুয়ারি এসিড নিয়ন্ত্রণ আইনে ধরমপাশা থানায় একটি মামলা হয়। এ মামলার আসামি আবু সাঈদ দীর্ঘদিন ধরে পলাতক আছেন। গতকাল রাতে একদল পুলিশ আবু সাঈদকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায়। কিন্তু আসামির হাতে হাতকড়া পরানোর সময় সেখানে থাকা চার-পাঁচজন নারী এতে বাধা দেয়। একপর্যায়ে আকস্মিকভাবে এক নারী আমার বাম হাতের কবজিতে কামড় মারলে আসামিকে ছেড়ে দিতে বাধ্য হই। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে ।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। ওই আসামিকে গ্রেপ্তারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।