পুলিশের হাবিলদারসহ তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর ও কাফরুলে গতকাল শনিবার পৃথক ঘটনায় পুলিশের এক হাবিলদারসহ তিনজন মারা গেছেন। তাঁদের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গতকাল শনিবার রাত ১২টার দিকে কমলাপুর আইসিডি মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান পুলিশের হাবিলদার মোকসেদুর রহমান (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী। ওসি বলেন, মোকসেদুর রহমান নাটোর জেলা আদালতে কর্মরত ছিলেন। তাঁর বাসা রাজধানীর মুগদায়। তিনি ছুটিতে ঢাকায় আসেন। গতকাল রাতে মোটরসাইকেলযোগে তিনি বাসায় ফিরছিলেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, গতকাল বেলা দুইটার দিকে কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের ছাদে কাগজ কুড়াতে ওঠে মাহফুজ হোসেন (১৬) নামের এক পথশিশু। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। মাহফুজের গ্রামের বাড়ি ফরিদপুরে। বাবার নাম আকবর আলী। এদিকে একই থানার ১৪ নম্বর টিনশেড বাড়ি এলাকায় দুরন্ত পরিবহনের একটি গাড়ির চাপায় নিহত হন সুমন হোসেন (২৪) নামের একজন যুবক। সুমন ওই গাড়ির চালকের সহযোগী ছিলেন। ওসি আবদুল লতিফ বলেন, বেলা দুইটার দিকে যাত্রীবাহী গাড়িটি ভাষানটেক থেকে দ্রুতবেগে মিরপুরের দিকে যাচ্ছিল। ১৪ নম্বর টিনশেড বাড়ি এলাকায় পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে গিয়ে আঘাত করে। এতে মাটিতে ছিটকে পড়েন সুমন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বাবা শামসুল হক। কাফরুলের ভাষানটেক এলাকার বস্তিতে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।সুমনের শ্বশুর আবদুস সালামের ভাষ্য, গাড়িটির মূল চালক লুৎফর রহমান নামের এক ব্যক্তি। গতকাল তাঁর এক সহযোগী গাড়িটি চালাচ্ছিলেন।