পুলিশের হেফাজতে অটোরিকশা চালককে পিটিয়ে মারার অভিযোগ
রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে পুলিশ তাঁকে পিটিয়ে মেরেছে। তবে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে মারা গেছেন।অটোরিকশার চালক বাবুল গাজীকে (৪০) গত সোমবার রাতে বাসা থেকে গ্যারেজে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আটক করে পুলিশ। এর দেড় ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত বাবুল গাজীর স্ত্রী শুভা আক্তার জানান, তাঁরা ৩২৭/এ নয়াটোলা মধুবাগে থাকতেন। নিহত বাবুল আগে মুদি দোকান করতেন। হাতিরঝিল প্রকল্প শুরু হওয়ার পর তাঁর দোকানটি ভেঙে দেওয়া হয়। এরপর তিনি অটোরিকশা চালাতে শুরু করেন। শুভা আক্তারের অভিযোগ, বাবুলের মুক্তির জন্য রমনা থানার উপপরিদর্শক আলতাফ হোসেন দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। শুভা তাঁকে ৭০ হাজার টাকা দেন। এর পরও তিনি কথা রাখেননি। আলতাফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে শুভা বলেন, ‘ঘুষের টাকা না দেওয়ায় আলতাফ দারোগা তাঁকে পিটায়া মারছে।’তবে উপপরিদর্শক আলতাফ ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ১৭ জুন র্যাব পাঁচজন চোরসহ তিনটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে রমনা থানায় দিয়ে আসে। এই চোরদের বক্তব্য অনুযায়ী চুরি যাওয়া গাড়ির একটির মালিক বাবুল গাজী। সেই ঠিকানা নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আলতাফ সোমবার রাত ১১টার দিকে নয়াটোলা টিঅ্যান্ডটি কলোনির রাস্তায় বাবুল গাজীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারছিলেন না বাবুল। একপর্যায়ে তিনি দৌড় দেন। এ সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পিটিয়ে মারা ও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, তাঁকে পিটিয়ে মারার প্রশ্নই আসে না। আর গাড়ি উদ্ধারের পর তিনি গাড়ির খোঁজও নিতে আসেননি। গ্রেপ্তার হওয়া চালকদের কাছে পাওয়া তথ্য থেকে পুলিশই তাঁকে খুঁজে বের করে।