পুলিশের হেফাজতে রবিউল ও তার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিশু রবিউল ইসলাম ওরফে শান্ত ও তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুজনকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানায় পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, মহামান্য হাইকোর্ট আগামী রোববার রবিউলের মা ও তার পরিবারকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা তাঁদের আদালতে নিয়ে যাব। এর আগে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে।
আজ বিকেলে কাফরুল থানায় গেলে সেখানে দেখা যায়, সেখানে একটি কক্ষে বসে আছেন রবিউলের মা নাসিমা বেগম। সঙ্গে ছিল রবিউল, রবিউলের বড় ভাই রিয়াজসহ কয়েকজন স্বজন। ভিক্ষাবৃত্তির ব্যাপারে জানতে চাইলে রবিউলের মা নাসিমা বেগম বলেন, ‘আমি ভিক্ষা করাই না।’
রবিউলকে একটি মসজিদের সামনে ভিক্ষারত অবস্থায় দেখেছেন অনেকে, ছবিও আছে। এ ব্যাপারে নাসিমা বলেন, ‘আমার ছেলে বাইরে গেলে কেউ কিছু টাকা দেয়। আর মসজিদের সামনে যাইতেই পারে।’ রবিউলের ভাই রিয়াজ তাঁর মাকে বলেন, ‘টাকা তো তোলেই। এটা তো সত্য। সত্য কথা বলতে সমস্যা কী?’
রিয়াজ প্রথম আলোকে বলেন, তিনি রিকশা চালিয়ে সংসার চালান। কিন্তু তাঁর উপার্জনের টাকায় সংসার চলে না বলে মাসে তিন চারবার রবিউলকে নিয়ে গুলশানের দিকে বের হন। সেখানে কিছু টাকা-পয়সা তোলেন তাঁরা। প্রতিদিন এই ভিক্ষা বাবদ ৮০০-৯০০ টাকা ওঠে। তিনি বলেন, আর্থিকভাবে কারও সহযোগিতা পেলে রবিউলকে দিয়ে আর ভিক্ষাবৃত্তি করাবেন না। বরং তাকে লেখাপড়া করাবেন।
গুলশানের কড়াইল বস্তিতে পরিবারের সঙ্গে থাকত শিশু রবিউল। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। কয়েক দিন পর দুই হাত কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। পরে ওই শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসা করান প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী কর্মকর্তা রুকসানা কামার। সেখানে রবিউলের কৃত্রিম হাত সংযোজন করা হয়। রবিউলকে দিয়ে এখন তার পরিবার রাজধানীর বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন বলে অভিযোগ ওঠে। রবিউলের কৃত্রিম হাতও খুলে ফেলা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুকসানা কামার। রবিউলের বয়স এখন নয় বছর।
প্রথম আলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিবেদনটি আমলে নিয়ে গত ১৭ নভেম্বর রবিউলের মা বা তার পরিবারের সদস্যদের ২২ নভেম্বর আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।