নাটোরের সিংড়া পৌর এলাকার বিএনপি ও ২০-দলীয় জোটের যেসব নেতা-কর্মীর নামে মামলা নেই, নির্বাচনের আগে তাঁদের ওপর পুলিশি হয়রানি বন্ধ ও রিটার্নিং কর্মকর্তা সরকার আশরাফুল আলমকে পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির নেতারা।
গত শুক্রবার সিংড়া পৌরসভায় বিএনপি-মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শামীম আল রাজি সিহানূর রহমান বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ নভেম্বর আওয়ামী লীগ উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রায় ৭০টি কেন্দ্র দখল করে বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়। সে সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম। তাঁর কাছে বারবার অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। সিংড়া পৌরসভার নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নিতেই আবার সেই সরকার আশরাফুল আলমকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১ ডিসেম্বর রাত থেকে সিংড়ায় জনপ্রিয় সব বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সিংড়ার বাইরে থাকার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মেয়র শামীম আল রাজি। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ও ২০-দলীয় জোটের যেসব নেতা-কর্মীর নামে মামলা নেই, তাঁদের বিনা কারণে পুলিশি হয়রানি না করা এবং নিরাপত্তার দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া থানা বিএনপির সহসভাপতি আলী আজগর, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
এদিকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।