পুলিশের ১৯ জনকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় চোরাচালানের সোনা পুলিশের আত্মসাতের ঘটনায় তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ১৯ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে নয়জনকে আজ বৃহস্পতিবার এবং ১০ জনকে আগামী রোববার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় এই ১৯ জনকে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। এই ১৯ জনের মধ্যে সহকারী পুলিশ কমিশনার (এসি) থেকে কনস্টেবল পদমর্যাদার সদস্য রয়েছেন। আজ হাজির হতে নোটিশ পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের এসি মো. ইকবাল হোসেন, ডিএমপির গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. ফজলুল হক, উপপরিদর্শক (এসআই) এ এন এস নুরুজ্জামান, মাসুদ মিয়া, রাশেদুল ইসলাম প্রমুখ। রোববার হাজির হতে নোটিশ দেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মতিঝিল বিভাগের এসি জুয়েল রানা, ডেমরা বিভাগের এসি মাঈনুল ইসলাম, পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর ও পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

গত মে মাসে পুলিশের ২৮ সদস্যকে দুদকে হাজির হওয়ার নোটিশ দিলেও উপস্থিত হয়েছিলেন নয়জন। বাকি ১৯ জনকে এবার নোটিশ দেওয়া হলো।

অভিযোগে জানা যায়, গত ১৩ মার্চ ধাওয়া করে রামপুরার বনশ্রী থেকে একটি গাড়ি আটক করে রামপুরা থানার পুলিশ। ১৬ মার্চ মাহিন ও সমীর নামের দুই ব্যক্তি ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের তথ্য অনুযায়ী পুলিশ ওই গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করে। তবে ওই দুজন দাবি করেন, গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। বাকি সোনা আত্মসাতের ঘটনায় ৩১ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে আটক করা হয়। এর আগের রাতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। পরে পুলিশের ওই তিন সদস্য, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনির বিরুদ্ধে ৭ এপ্রিল রামপুরা থানায় মামলা করে দুদক।

এর আগেই রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এবং পরিদর্শক (তদন্ত) নাসিম আহমেদকে প্রত্যাহার করা হয়।