পুলিশের 'অসাবধানতায়' রিকশাচালক গুলিবিদ্ধ
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের শটগানের গুলিতে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পুলিশের দাবি, এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতায় গুলি বের হওয়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ বেলা তিনটার দিকে পল্টন মোড়ে রিকশায় ছিলেন মো. হানিফ। এ সময় ওই এলাকায় দায়িত্বরত এক কনস্টেবলের শটগান থেকে গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হানিফের ডান হাত ও পিঠে গুলি লেগেছে। চিকিৎসা শেষে বিকেলে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হানিফের শরীরে রাবার বুলেট লেগেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তাঁর আরও উন্নত চিকিৎসা করানো হবে। এ ঘটনায় একজন অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।