পুলিশের ‘ডাকাত অভিযান’
রাজধানীর বাংলামোটরে ইস্টার্ন টাওয়ার আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে গতকাল রোববার দিনদুপুরে ডাকাতি হয়েছে। অস্ত্রধারী পাঁচ ডাকাত ফ্ল্যাটের ছয়জনকে জিম্মি করে পাঁচ লাখ টাকা, ৩০০ ভরি স্বর্ণালংকার, হীরার গয়না ও গৃহকর্তার লাইসেন্স করা রিভলবার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরপরই ওই কমপ্লেক্সে ডাকাতেরা লুকিয়ে থাকতে পারে সন্দেহে সন্ধ্যা পর্যন্ত পুরো কমপ্লেক্সের দেড় শ ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। তবে ডাকাতদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।রমনা থানার পুলিশ জানায়, গতকাল দুপুর একটা থেকে দুইটার মধ্যে বাংলামোটর প্রধান সড়কের পাশে ২০ নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন কমপ্লেক্সের পোশাক ব্যবসায়ী ইকরামুল কদর বাবলুর ফ্ল্যাটে ডাকাতি হয়। এ সময় গৃহকর্তা বাসায় ছিলেন না। বাসায় ছিলেন গৃহকর্তার মেয়ে, ভাই, ভাইয়ের ছেলে ও দুজন গৃহকর্মী। ডাকাতেরা আসার ১০-১৫ মিনিটের মধ্যেই বাইরে থেকে বাসায় ফেরেন গৃহকর্ত্রী দিলারা কদর। ডাকাতেরা তাঁকেও জিম্মি করে বেঁধে ফেলে।দিলারা কদরের মেয়ে ইশরাত বলেন, ‘আমি তখন আমার ঘরেই ছিলাম। হঠাৎ গৃহকর্মীদের চিৎকার শুনে ঘর থেকে বের হতেই কয়েকজন আমাকে বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। আমাকে জিজ্ঞেস করে, তোমার বাবার অস্ত্রটা কোথায় রাখে? আমি জানি না বলতেই তারা একটা চেয়ারের সঙ্গে কাপড় দিয়ে আমাকে বেঁধে ফেলে। এর আগেই আমার চাচা ও চাচাতো ভাইকেও তারা বেঁধে ফেলেছে। রান্নাঘরে দুই গৃহকর্মীকে বেঁধে ফেলে রেখেছে। তারা বাবা-মায়ের ঘরের সবগুলো আলমারি ও লকার ভেঙে জিনিসপত্র বের করে ফেলে। বাবার রিভলবারটা বের করে তারা ওটা দিয়েও আমাদের জিম্মি করে। আধা ঘণ্টার মতো তারা ছিল। ডাকাতেরা চলে যাওয়ার আগেই আমি হাতের বাঁধন খুলে ফেলতে পারি। তারা চলে যাওয়া মাত্রই আমি হাত ও পায়ের বাঁধন খুলে দৌড়ে গিয়ে দরজা লক করে দিই। এরপর ইন্টারকমে নিচের সিকিউরিটি গার্ডদের ফোন করে তাদের মেইন গেট বন্ধ করে দিতে বলি।’গৃহকর্ত্রী বলেন, ‘আমি যখন বাসায় ফিরি, তখন ভেতর থেকে লক করা ছিল। চাবি দিয়ে দরজা খুলে ঢুকেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। পরিচয় জানতে চাইলে ছেলেটি বলে সে ড্রাইভার। আমি ঘরের দিকে এগোতেই দেখি আরও কয়েকজন, তারা এসে আমাকে বলল, “একদম নড়বি না”।’দিলারা কদর জানান, ডাকাতেরা ফ্ল্যাট থেকে বের হওয়ার পরপরই তাঁর মেয়ে ইশরাত কদর বিনতা বাসার নিচে নিরাপত্তাকর্মীদের ফোন করে বিষয়টি জানালে তাঁরা প্রধান ফটক বন্ধ করে দেন। এরপর পুলিশ পুরো কমপ্লেক্স ঘিরে রেখে তল্লাশি চালায়। তিনি জানান, দুপুরে একজন গৃহকর্মী কাজ শেষে বেরিয়ে যাওয়ার পর দরজা খোলা রেখে যায়। এই সুযোগেই ডাকাতেরা ভেতরে ঢুকেছে বলে তিনি ধারণা করেন।রাজধানীর অন্যতম আধুনিক ও নিরাপদ আবাসন প্রকল্প হিসেবে নব্বইয়ের দশকের গোড়ার দিকে এই কমপ্লেক্স গড়ে ওঠে। এখানে তিনটি ভবনে প্রায় দেড় শ ফ্ল্যাট রয়েছে। রয়েছে সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা। কমপ্লেক্স এলাকায় ঢোকা ও বের হওয়ার জন্য একটি মাত্র ফটক রয়েছে। বাইরের কাউকে ঢুকতে বা বের হতে হলে নিরাপত্তা খাতায় নাম লেখাতে হয়। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তাকর্মীরা কাউকে ভেতরে ঢুকতে দেন না। এত কিছুর পরও সেখানে কী করে ডাকাত ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।ফ্ল্যাটের একজন বাসিন্দা জানান, ডাকাতির খবরে পুলিশ গৃহকর্তার মেয়ে ও ফ্ল্যাট মালিক সমিতির এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সব ফ্ল্যাটে তল্লাশি চালায়। তবে কয়েকটি ফ্ল্যাট বন্ধ থাকার কারণে সেখানে পুলিশ ঢুকতে পারেনি।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ঘটনার পর পুলিশ পুরো ভবনের ১৮ তলা থেকে নিচতলা পর্যন্ত তল্লাশি চালিয়েছে। তবে কিছু পাওয়া যায়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিআইডির কর্মকর্তারাও এসেছেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ প্রধান ফটকের ক্লোজ সার্কিট ক্যামেরার চিত্র বের করার চেষ্টা করছে।পুলিশ জানায়, ঘটনার পর চারজন নিরাপত্তাকর্মী ও তিনজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।