পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ, এক বিজিবি সদস্যসহ সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন।
এ নিয়ে গত ১৯৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৬। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহীতে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম রেজা (৫০) সকালে মোহনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তিনি পবা জোনে কর্মরত ছিলেন।
বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইলে অটোরিকশা দুর্ঘটনায় মারা যান তানোর উপজেলার মুন্ডুমালা চুনিয়াপাড়া গ্রামের রুবিনা খাতুন (৩৫)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের জালাল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮) ভোরে গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ট্রাকচাপায় নিহত হন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন। ভোরে আরও এক ব্যক্তি নিহত হন। আক্তার আলী (৭৫) নামে ওই ব্যক্তি উপজেলার উজানপাড়ায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ হারান।
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকায় ভোরে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মফিজুর রহমান (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে মফিজুর খাগড়াছড়ি জেলার বাবুইছড়ি ৫১ ব্যাটালিয়নে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন।
জামালপুরের সরিষাবাড়ীতে দুপুরে ট্রাকচাপায় মুকুল মিয়া (৪০) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। পৌরসভার আলতা সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুকুলের বাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে।
গত সোমবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র আসাদুজ্জামান (১৭) সেদিন রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।