
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন শনাক্তের মামলার তদন্ত দীর্ঘ সাড়ে ১৪ মাসেও শেষ হয়নি। এখন পর্যন্ত জানা যায়নি কোকেনের গন্তব্য কোথায় ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এ মামলায় গত বছরের নভেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দেয় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু আদালত অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে গত নয় মাস মামলাটি তদন্ত করছে র্যাব।
মাদকের এই মামলায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ধারাও যুক্ত করা হয় আদালতের নির্দেশে। এখন কেবল চোরাচালানের অভিযোগটি তদন্ত করছে ডিবি। তদন্তের সঙ্গে যুক্ত র্যাব ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কোকেনের চালানটি আমদানির সঙ্গে জড়িত দেশি-বিদেশি রাঘববোয়ালদের শনাক্তের চেষ্টা চলছে।
২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। সেদিনই কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) উসমান গণি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। মামলায় চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফাকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় অনেককে।
চালানটি ধরা পড়ার সাড়ে চার মাস পর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গত বছরের ১৯ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
চোরাচালানের অভিযোগের তদন্তও করছেন তিনি। তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি আছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি কোনো সাধারণ মামলা নয়। গুরুত্ব দিয়েই তদন্ত চলছে।’
এ মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে কারাগারে রয়েছেন চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম। জামিনে রয়েছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়া অভিযোগপত্রে কোকেনের গন্তব্য নির্ধারণ করতে না পারা, মামলার এজাহারভুক্ত আসামি চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদকে অব্যাহতি দেওয়া এবং যথাযথ তদন্ত না হওয়ায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেননি। গত বছরের ৭ ডিসেম্বর আদালত র্যাবকে দিয়ে আলোচিত এই মামলার তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্তের দায়িত্ব নিয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি চালানটির আমদানিকারক নুর মোহাম্মদকে গ্রপ্তার করে র্যাব। তাঁকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
গ্রেপ্তার নুর মোহাম্মদের আইনজীবী জিয়াউল হক দাবি করেন, নুর মোহাম্মদের প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হলেও তিনি তা জানতেন না। প্রথম দফায় পুলিশ তদন্তে তার সম্পৃক্ততা পায়নি। পরে র্যা ব তাঁকে গ্রেপ্তার করে। নুর মোহাম্মদ কারাগারে থাকায় তাঁর ব্যবসার ক্ষতি হচ্ছে।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন র্যা ব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। তিনি প্রথম আলোকে বলেন, কোকেনের চালানটি আমদানির সঙ্গে জড়িত দেশি-বিদেশি রাঘববোয়ালদের শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে আন্তর্জাতিক পুলিশি সংস্থার (ইন্টারপোলের) সাহায্য নিয়েছেন তাঁরা। তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।