পুলিশ-র্যাব আমাদের রক্ষক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী, পুলিশ, র‌্যাব আমাদের রক্ষক নয়। আমাদের রক্ষার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। আমাদের সন্তানদের রক্ষার দায়িত্ব আমরা পালন না করলে পুলিশ করবে না।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের মানববন্ধনে ত্বকীর বাবা রফিউর রাব্বি এসব কথা বলেছেন। সারা দেশে শিশু হত্যা ও নির‌্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে শিশু হত্যা ও নারীদের ধর্ষণে যারা জড়িত, তাদের আশকারা দেওয়া হচ্ছে। অপরাধী ধরার জন্য যাদের বেতন দিয়ে রাখা হয়েছে, সেই পুলিশই আশকারা দিচ্ছে। তাঁরা বলেন, দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। একদিকে শিশু ও নারী হত্যাকারী ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করা হয় না, অন্যদিকে কথায় কথায় প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীকে কটূক্তির অভিযোগে মানুষকে গ্রেপ্তার করা হয়। অথচ শিশু সামিউল হত্যাকারী বিদেশে ধরা পড়লেও পুলিশ তাকে দেশে ফিরিয়ে আনছে না।
হালিম আজাদ বলেন, ত্বকীর হত্যাকারী আজমীর ওসমান আবারও আল্লামা ইকবাল (কলেজ) রোডে আস্তানা গেড়েছে। এ মহল্লায় কারা আসছে ও যাচ্ছে, সিসি ক্যামেরা বসিয়ে তা নজরদারি করছে আজমীরের ক্যাডাররা। তাকে গ্রেপ্তারের জন্য বারবার দাবি জানানো হয়েছে। এমনকি ত্বকী হত্যার খসড়া অভিযোগপত্রে আজমীরের নেতৃত্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। উল্টো পুলিশ তাকে পাহারা দিয়ে রেখেছে।