পুলিশ-র‍্যাবের পাশাপাশি থাকবে বিজিবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো হুমকি না থাকলেও দুর্গাপূজার নিরাপত্তার প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা হচ্ছে না। নিরাপত্তায় পুলিশ-র্যাবের পাশাপাশি থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। শুক্রবার প্রতিমা বিসর্জনের সময়ও বেঁধে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার দুর্গাপূজার নিরাপত্তার প্রস্তুতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, এবার রাজধানীতে ২২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। পূজার নিরাপত্তায় ৬ হাজার ৮৬৩ জন পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশও মোতায়েন থাকবে। পূজামণ্ডপ ঘিরে কোনো প্রকার চাঁদাবাজি, ইভ টিজিং ইত্যাদি কঠোরভাবে প্রতিহত করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, দক্ষিণে ওয়াইজঘাট ও উত্তরে উত্তরা বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনে প্রতিমা বিসর্জন করা হবে। এ দুটি জায়গাকে মাথায় রেখে নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিসর্জনের শোভাযাত্রাগুলোতে, শোভাযাত্রার পথে ও পথের পাশের ভবনের ছাদে পুলিশ থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জনের জন্য ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে জড়ো হবে ৪০ থেকে ৫০টি মণ্ডপের প্রতিমা। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে প্রতিমা নিয়ে শোভাযাত্রাগুলো ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আসবে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কোনো শোভাযাত্রা হবে না। সন্ধ্যা ছয়টার আগেই প্রতিমা বিসর্জন দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত তাজিয়া মিছিল হবে। পবিত্র আশুরার নিরাপত্তার জন্য আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে।
পূজাকে কেন্দ্র করে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো হুমকি না থাকলেও কোনো কিছুকে হালকাভাবে দেখা হচ্ছে না। সুস্পষ্ট তথ্য না থাকলেও কোনো নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের জারি করা নিরাপত্তা সতর্কতা সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘সতর্কতা জারি করা তাদের নিয়মিত কাজের অংশ। বিভিন্ন দেশে নাগরিকদের জন্য তারা এ রকম নিরাপত্তা সতর্কতা জারি করে।’
পূজা কমিটির মতবিনিময়: গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে এক মতবিনিময় সভায় মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা বলেছেন, ঢাকা মহানগরের কোনো পূজামণ্ডপে এ পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১৪টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে।
সভায় নেতারা বলেন, ঢাকেশ্বরী মন্দিরের বিশাল দেবোত্তর সম্পত্তি জবরদখল হয়ে গেছে। মন্দিরের ২০ বিঘার মধ্যে মাত্র ছয় বিঘা জমি মন্দিরের দখলে আছে, বাকি ১৪ বিঘা বেদখল।
সভায় জানানো হয়, দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপির কমিশনার, ১৪ দলসহ বিভিন্ন পর্যায়ে মহানগর পূজা কমিটির বৈঠক হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তাঁরা আশ্বস্ত করেছেন।
সভায় পূজা কমিটির নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি প্রমুখ।