স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ-সাংবাদিকের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে অবশ্যই দায়ীদের বিচার করা হবে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। সাংবাদিকদের সঙ্গে পুলিশেরও সুসম্পর্ক রয়েছে। কিন্তু গত শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবের আগে আমি অপ্রস্তুত ছিলাম, ঘটনাটি তাৎক্ষণিক আমার জানা ছিল না। এরপর ওই ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। ইতিমধ্যে যিনি ঘটনা ঘটিয়েছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু এগিয়েই যাচ্ছে। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, বিশ্বের বিস্ময়।’
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ সানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান জয় প্রমুখ।