নওগাঁর রানীনগর উপজেলায় বন্যার পানিতে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমির রোপা আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে কৃষকদের প্রায় ৬৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আগাম রবিশস্যের আবাদ শুরু করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি বিভাগ এই তথ্য জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। এরপরও আশায় বুক বাঁধছেন। আলু, গম, সরিষা, ভুট্টা প্রভৃতি আগাম রবিশস্য উৎপাদনের জন্য জমি তৈরির কাজ শুরু করেছেন। অল্প কয়েক দিনের মধ্যেই বীজ বপন ও চারা রোপণের চিন্তাভাবনা করছেন তাঁরা।
অনেক কৃষক মনে করছেন, ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়ে ধানের ক্ষতি হলেও পলি পড়ে জমির উর্বরতাশক্তি বৃদ্ধি পেয়েছে। এ কারণে রবিশস্যের ভালো ফলন হবে।
উপজেলার বিশিয়া গ্রামের কৃষক আজিজার রহমান প্রথম আলোকে বলেন, বন্যায় তাঁর পাঁচ বিঘা জমির ধানগাছ মরে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে ওই জমিতে এবার আলু ও সরিষার আবাদ করবেন।
পালশা গ্রামের কৃষক গোলাম হোসেন আক্ষেপ করে বলেন, বন্যার্ত মানুষদের জন্য সরকারিভাবে চাল ও টাকা সাহায্য দেওয়া হলেও সেগুলো পেয়েছেন দিনমজুর ও হতদরিদ্র শ্রেণির মানুষেরা। কৃষকেরা কোনো সহযোগিতাই পাননি। প্রকৃত কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সহায়তায় বিনা মূল্যে সার ও বীজ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত ২৩ আগস্ট ভোরে রানীনগর-আত্রাই সড়কের পূর্ব মিরাপুর এলাকায় সড়ক ভেঙে উপজেলায় প্রবল বেগে বন্যার পানি প্রবেশ করে। এতে উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন পানিতে তলিয়ে যায়। এ সময় ৭ হাজার ৩০৯ হেক্টর জমির রোপা আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা এম গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘বন্যায় জেলার অন্যান্য উপজেলার চেয়ে রানীনগর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষকদের সহযোগিতা করার মতো সরকারি পর্যায়ে আমার দপ্তরে কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি।’ এম গোলাম সারওয়ার আরও বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন এবং মাঠপর্যায়ে গিয়ে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম রবিশস্য চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।