পুষ্টি উন্নয়নে 'সান' কী করে, প্রশ্ন ডেপুটি স্পিকারের
আন্তর্জাতিক সংগঠন স্কেলিং আপ নিউট্রিশন-‘সান’ অপুষ্টির সমস্যা সমাধানে কী করছে সে সম্পর্কে জানতে চেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। আজ রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘সান’ এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সেখানে ‘সান’ অপুষ্টি সমস্যা সমাধানে সাংসদদের সহযোগিতা চাইলে ডেপুটি স্পিকার পাল্টা এ প্রশ্ন তোলেন।
সরকারি-বেসরকারি সংস্থা, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী, ব্যবসায়ী ও গবেষকদের একটি আন্তর্জাতিক প্লাটফরম হচ্ছে স্কেলিং আপ নিউট্রিশন-সান। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নেতৃত্বে এটি গঠিত হয়। কমিটির অন্যতম সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এ সংগঠনের সঙ্গে যুক্ত আছে অপুষ্টি নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলো।
ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সান তাদের উপস্থাপনায় দেখিয়েছে জনপ্রতিনিধিরা পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কী করতে পারে। কিন্তু সান কী করেছে এ পর্যন্ত সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানায়নি। উপস্থাপনায় দেখলাম সিলেট এবং রংপুরে পুষ্টি পরিস্থিতি খারাপ। এই দুটি অঞ্চলের জন্য আপনারা কী করেছেন জানতে চাই।’
ডেপুটি স্পিকার আরও বলেন, পুষ্টি পরিস্থিতির উন্নয়নের জন্য সাংসদদের নিয়ে একটি ককাস গঠন করা যায়। তিনি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে দ্রুত একটি পুষ্টি নীতি করারও অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে জানান, পুষ্টি নীতি মন্ত্রিপরিষদে জমা আছে। শিগগিরই এটি পাস হবে। তিনি কমিউনিটি ক্লিনিক কীভাবে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা দিচ্ছে সে সম্পর্কে মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কমিউনিটি ক্লিনিকে বিনা মূল্যের ওষুধ ঠিকভাবে সবাই পাচ্ছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান।
বৈঠকে সাংসদেরা মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে সরকারের মাতৃত্বকালীন ভাতা ও যেসব মায়েরা সন্তানদের দুধ খাওয়াচ্ছেন তাদের পুষ্টি নিশ্চিতে যে সহায়তা দেওয়া হচ্ছে তার উল্লেখ করেন।
ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমি আমার এলাকায় মাতৃত্বকালীন ভাতা দিয়ে জিজ্ঞেস করেছি, এটা দিয়ে তোমরা কি করবা? তারা উত্তর দিয়েছে বাচ্চার জন্য জামা-কাপড় কিনবে। টাকাটা যেন পুষ্টিকর খাবার কিনে তাঁরা খরচ করে, সে বিষয়ে তাদের সচেতন করা দরকার।’
অনুষ্ঠানে কমপক্ষে চারজন সাংসদ খাদ্যে ভেজাল ও কীটনাশক মেশানো বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বগুড়া-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আব্দুল মান্নান বলেন, ‘একটা সময় চাল-গমই জোটানো কষ্টকর ছিল। এখন ৭০ / ৭২ লাখ টন খাবার উদ্বৃত্ত। এখন আমরা জোরেশোরে পুষ্টি নিয়ে কথা বলতেই পারি।’ পুষ্টি নিয়ে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, সংসদীয় কমিটি খুব একটা কাজের কিছু নয়। কোনো মন্ত্রণালয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই পুষ্টি নিশ্চিত হয় না। মানুষকে ভাতের সঙ্গে কোনটা কি পরিমাণে খেতে হবে তা জানাতে হবে। সাংসদরা এ কাজটি করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ। বক্তব্য দেন, সান-এর ফোকাল পয়েন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের ও সান-এর প্রতিনিধি ব্র্যাক বিএসএফের সান-এর সেক্রেটারি কাওসার আফসানা।