পুষ্টি চাল বিতরণ শুরু
হতদরিদ্র মানুষের অপুষ্টি নিরসনে দেশে প্রথমবারের মতো পুষ্টি চাল বিতরণ শুরু হয়েছে। গত বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গেরবিন ডি জং, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ক্রিস্টা রেডার, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সিনিয়র রিসার্চ ফেলো বর্ণালী চক্রবর্তী প্রমুখ।
কর্মকর্তারা জানান, চীন থেকে আমদানি করা পুষ্টি চালে ভিটামিন-এ, ভিটামিন-বি-১, ভিটামিন-১২, ফলিক অ্যাসিড, আয়রন ও জিংক রয়েছে। সদর উপজেলার কাঁঠালবাড়ীতে চেয়ারম্যান মিনি অটো রাইস মিলে ওই পুষ্টি চালের সঙ্গে সাধারণ চাল মিশিয়ে ৩০ কেজির ছোট বস্তা তৈরি করা হয়েছে। পুষ্টি চালের সংরক্ষণ ও রন্ধনপদ্ধতি অন্যান্য চালের মতোই।
তারিক-উল ইসলাম বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে পুষ্টি চালের সম্ভাবনা ব্যাপক। ডব্লিউএফপির রংপুরের আঞ্চলিক প্রতিনিধি শাহীন সুলতানা জানান, পরীক্ষামূলকভাবে কুড়িগ্রাম সদর উপজেলার আট ইউনিয়নের দুই হাজার ৭৯৪ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে।
পুষ্টি চালের প্রযুক্তি উদ্ভাবন করেছে নেদারল্যান্ডসভিত্তিক বৈজ্ঞানিক খাবার ও অন্যান্য সামগ্রী উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ডিএসএম।