পুষ্টি চালে নারীর রক্তস্বল্পতা দূর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টিসমৃদ্ধ চাল রক্তস্বল্পতা দূর করছে, পাশাপাশি শরীরে জিংকের ঘাটতিও দূর করছে। দুই হাজার নারীর ওপর এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই গবেষণা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণা ফলাফল উপস্থাপন করেন আইসিডিডিআরবির নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক তাহমিদ আহমেদ। দেশের পাঁচটি জেলার ১০টি উপজেলায় ভিজিডি কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাওয়া নারীদের ওপর এই গবেষণা হয়। গবেষণায় পরিবারগুলোর জনমিতি, খাদ্য নিরাপত্তা, নারীস্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই গবেষণা শেষ হয় এ বছর ফেব্রুয়ারি মাসে। গবেষণায় অংশ নারীদের একটি দলকে ৩০ কেজি পুষ্টিসমৃদ্ধ চাল এবং অন্যদের চালের সঙ্গে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, পুষ্টিসমৃদ্ধ চাল নারীদের রক্তস্বল্পতা ৫ শতাংশ এবং জিংকস্বল্পতা ৬ শতাংশ হ্রাস করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। সরকার ভিজিডি কর্মসূচির আওতাধীন সব নারীকে পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহ করার চেষ্টা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন।