পুষ্টি পরিস্থিতিতে উন্নতি হলেও তালিকায় পেছনে বাংলাদেশ
দেশে ৩৬ দশমিক ১ শতাংশ শিশু খর্বকায়। জার্মানিতে এই হার ১ দশমিক ৩। খর্বকায় শিশুর ব্যাপকতাবিষয়ক বৈশ্বিক তালিকার (কম থেকে বেশি) শীর্ষে জার্মানি। তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৭। ৫৭ দশমিক ৭ শতাংশ খর্বকায় শিশু নিয়ে তালিকার সবচেয়ে নিচে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর লেসতে।
বিশেষজ্ঞ পুষ্টিবিদদের একটি নিরপেক্ষ দল এই প্রতিবেদন তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ‘ফ্রম প্রমিজ টু ইমপ্যাক্ট: এন্ডিং ম্যালনিউট্রিশন বাই ২০৩০’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করেছে গত মঙ্গলবার। প্রতিবেদনটি তৈরিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ, বিশ্বখাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গেটস ফাউন্ডেশন, কানাডা সরকার, ইউএসএআইডিসহ ৪০টির বেশি প্রতিষ্ঠান আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে।
পুষ্টি পরিস্থিতি নিয়ে এই ধরনের তালিকা এটাই প্রথম। তালিকা করার বিষয়টিকে ভালো উদ্যোগ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এ রকম তালিকা তৈরি হলে নিজের অবস্থান বুঝতে সহজ হয় এবং চেষ্টা থাকে তালিকার ওপরে ওঠার।
প্রতিবেদন বলছে, বাংলাদেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে। সরকার খর্বকায় শিশুর হার ৪১ শতাংশ (২০১১ সালে) থেকে কমিয়ে ৩৮ শতাংশ করার (২০১৬ সালে) প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা হয়েছে। সরকার ইতিমধ্যে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য আইন, জাতীয় পুষ্টিনীতি ও অনুপুষ্টি কণার স্বল্পতা নিয়ন্ত্রণ কর্মকৌশল তৈরি করেছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও আরও কিছু নীতি দলিলে অপুষ্টি দূর করার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে পুষ্টি খাতে বরাদ্দ কম থাকার সমালোচনা করা হয়েছে।
কৃশতা (ওয়াস্টিং) অপুষ্টির সূচক। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ অপুষ্টির শিকার হলে শিশু কৃশকায় হয়ে পড়ে। ডায়রিয়ার কারণে শিশু এমন হয়। প্রতিবেদন বলছে, অস্ট্রেলিয়ার কোনো কৃশকায় শিশু নেই। কৃশতা নিয়ে যে তালিকা দেওয়া আছে, তার ওপরে অস্ট্রেলিয়া। আর তালিকার নিচে আছে ১৩০ নম্বরে দক্ষিণ সুদান। দেশটির ২২ দশমিক ৭ শতাংশ শিশু কৃশকায়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৭।