পুষ্টি পর্যবেক্ষণে নতুন নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুষ্টি পরিস্থিতি ও সরকারের পুষ্টিবিষয়ক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর প্রোমোটিং নিউট্রিশন (বিসিএসএনপিএন) নামে একটি নাগরিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের আত্মপ্রকাশের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বিসিএসএনপিএনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূর-উন-নবী বলেন, নতুন এই সংগঠন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। পুষ্টি কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে, পরামর্শ দেবে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন ও পুষ্টিবিদ এস কে রায় বলেন, তীব্র অপুষ্টির শিকার শিশুদের জন্য তৈরি খাবার বা আরইউটিএফের (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড) ব্যবহার সঠিক হচ্ছে কি না, তা নিয়ে গবেষণা হওয়া দরকার। তিনি বলেন, এসব খাবারে হঠাৎ শিশুর ওজন বেড়ে যায়। এর অর্থ শিশুর শরীরে চর্বি জমে। আর সে কারণে পেশীর বৃদ্ধি ঠিকভাবে হয় না। নতুন এই সংগঠন আগামী এক বছর কী করবে, তার বর্ণনা দেন সংগঠনের সদস্যসচিব আবু জামিল ফয়সাল।