পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক লাঞ্ছিত, তুলে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডারে কাজ না পাওয়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন মহাখালীর স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরিচালকসহ একাধিক কর্মকর্তা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, ওই নেতার সঙ্গে আসা লোকজন পরিচালককে অফিস থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, আজ রোববার দুপুর ১২টার দিকে ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হেদায়েতুল ইসলামের কক্ষে ঢুকে পড়ে। ঢুকেই তাঁরা চেয়ার ও পরিচালকের টেবিলের কাচ ভাঙেন। পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও তাঁকে চেয়ার থেকে ফেলে দেন। এরপর তাঁরা পরিচালককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বেলা তিনটায় ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, র‌্যাবের দুজন সদস্য ঘোরাঘুরি করছেন। পরিচালকের কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আছেন। পরিচালক বারবার বলছেন, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব না।

একজন কর্মকর্তা টেন্ডারের কাজ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে পরিচালককে চিঠিও দিয়েছেন। প্রতিষ্ঠানের পরিচালক হেদায়েতুল ইসলাম প্রথম আলোকে জানান, টেন্ডারে অংশগ্রহণ করে কাজ না পাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতা আসলাম হোসেন তাঁর ওপর ক্ষিপ্ত। ৩০ এপ্রিল আসলাম তাঁকে হুমকি দিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা চারজন (কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ মওদুদ হোসেন, উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরীন খান ও মীর মোবারক হোসেন এবং তিনি নিজে) জরুরি কাজ করছিলাম। ১২টার দিকে আসলাম ২০-২২ জন লোক নিয়ে আমার কক্ষে ঢুকে পড়েন। তিনি কাজ না পাওয়ার কারণ জানতে চান। আমার ওপর চড়াও হন।’ হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমি নিরীহ মানুষ। বেতনের টাকা গুনে সংসার চালাই। এত চাপ কী করে সামলাব।’

জানা গেছে, পুষ্টি-সম্পর্কিত প্রচার-প্রচারণার সাড়ে চার কোটি টাকার কাজ দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, টেন্ডার-প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একটি বেসরকারি টিভি চ্যানেল, বাংলাদেশ টেলিভিশনের একজন প্রযোজক কাজ পাওয়ার জন্য চাপ দিয়ে আসছেন।

এর আগে ভিটামিন ‘এ’ প্রচারণার কাজ পাওয়ার জন্য ৩১ মার্চ স্থানীয় ছাত্রলীগের একটি দল অস্ত্র নিয়ে এই কর্মকর্তাদের হুমকি দিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ৩১ মার্চের পর অন্তত পাঁচ দিন অস্ত্রধারীরা এই প্রতিষ্ঠানে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়কে প্রতিবারই এসব ঘটনা জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা কেউ নেয়নি। উল্টো ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় মামলা করতে নিষেধ করেছেন।

বিকেল সাড়ে তিনটার দিকে ৩০ জন কর্মকর্তা ও কর্মচারী পরিচালকের কক্ষে সমবেদনা জানাতে উপস্থিত হন। পরিচালক তাঁদের কাছে করণীয় জানতে চান। একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, মহাখালী এলাকায় চাঁদা ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ব্যক্তিকে পুষ্টি প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজ দেওয়া হয়েছে (আউট সোর্সিং করে)। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতিষ্ঠানের একটি কক্ষে প্রতি রাতে মদ আর জুয়ার আড্ডা বসায়। এঁদের ভয়ে থাকে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিকেল চারটায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ঘটনা জানতে পুষ্টি প্রতিষ্ঠানে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এমন হলে সরকারি কর্মকর্তারা কাজ করবেন কীভাবে?’

এ বিষয়ে জানতে চাইলে বনানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘আজকের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’ এর আগে সন্ত্রাসীদের তত্পরতার পরেও কেন পুলিশ ব্যবস্থা নেয়নি জানতে চাইলে ওসি বলেন, এর আগে থানায় কোনো অভিযোগই দেওয়া হয়নি।