পুষ্টি উন্নয়নে বহুখাতভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ

বহু খাতভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পুষ্টির উন্নয়ন-নিউট্রিশন অ্যাট দ্যা সেন্টারের অভিজ্ঞতা শীর্ষক এক আলোচনা সভা গত সোমবার (২ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনের চামেলি হলে অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর প্রবোধ দেব কোটা। তিনি বাংলাদেশ সরকারের অপুষ্টি দূর করার লক্ষ্যে সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, যদিও বাংলাদেশ অপুষ্টি দূরীকরণে অনেক কাজ করেছে, কিন্তু এখনো অপুষ্টি পুরোপুরি দূর করার জন্য অনেক কিছু করার আছে। অপুষ্টি বিশেষভাবে নারী এবং শিশুদের ওপর প্রভাব ফেলে।
দেব কোটা জানান, কেয়ার বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল পুষ্টিসংক্রান্ত ব্যাপারে উদ্ভাবনী মডেল নিয়ে কাজ করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (স্বাস্থ্যসেবা বিভাগ) মো. রুহুল আমিন তালুকদার, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ও লাইন ডিরেক্টর জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) ড. সমীর কান্তি সরকার এবং নিউট্রিশন এট দি সেন্টার-কেয়ার ইউএসএর প্রোগ্রাম ডিরেক্টর জেনিফার অর্গল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহনেওয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পুষ্টি খাতে গুরুত্ব প্রদানের প্রয়োজন অনুভব করে কেয়ার বাংলাদেশ পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় বহু খাতভিত্তিক কার্যক্রমের ভিত্তিতে “নিউট্রিশন এট দ্যা সেন্টার” প্রকল্প সুনামগঞ্জ জেলার দিরাই এবং বিশ্বম্ভরপুরে বাস্তবায়ন করে। এই প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন ‘অ্যাসোসিয়েটস ফর কমিউনিটি অ্যান্ড পপুলেশন রিসার্চ’ এর অধ্যাপক রেজাউল হক এবং কেয়ার বাংলাদেশের নাজনীন রহমান। কেয়ার ইউএসএ-র নিউট্রিশন এট দ্যা সেন্টারের কারিগরি উপদেষ্টা ক্রিস রয় উপস্থাপনার উপসংহার তুলে ধরেন এবং স্থানীয় সরকার ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রকল্প কার্যক্রমে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায় প্রকল্প শিশুদের মধ্যে খর্বাকৃতি দূরীকরণ ও বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাস তৈরিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
মো. হাবিবুর রহমান খান বলেন, পুষ্টি সম্পর্কে মানুষকে সচেতন করার অনেক উপায় আছে। তিনি উল্লেখ করেন অপুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন একটি ভাল উপায়। তিনি আরও বলেন, সরকার ২০২০ সালের মধ্যে উপজেলাগুলোতে বহু খাতভিত্তিক কার্যক্রম প্রতিষ্ঠা করতে সচেষ্ট আছে।
মো. রুহুল আমিন তালুকদার বলেন, পুষ্টি উন্নয়নে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা একটি মডেল। তিনি সংশ্লিষ্ট টিমের প্রশংসা করেন এবং বাংলাদেশ সরকারের বহু খাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন যে, একজন উপজেলা চেয়ারম্যান একটি প্রকল্পে সক্রিয় ভূমিকা রাখছে। প্রকল্পের সাফল্যে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, রোগ নিরাময়ে সঠিক পুষ্টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের বর্তমানে পুষ্টি সমস্যা সমাধানে অনেক সক্রিয় নীতি রয়েছে এবং এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে স্বাস্থ্যবান জাতি তৈরি হবে।
জেনিফার অর্গল বলেন, মাল্টি সেক্টরাল কার্যক্রমের মাধ্যমে খর্বাকৃতি কমাতে সুনামগঞ্জের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। তিনি সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
ডা: সমীর কান্তি সরকার উল্লেখ করেন, ‘প্রতি মঙ্গলবার তার প্রতিষ্ঠান ৭৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুষ্টি সমস্যা সমাধানে যোগাযোগ করে। এ পদ্ধতি তার প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় জনগণকে যেমন সম্পৃক্ত করেছে, তেমনি তাদের কাজকেও সহজ করে তুলেছে। তিনি বহু খাতভিত্তিক কার্যক্রমে তার সমর্থন থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলাকে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উদ্যাপনে বিশেষ পারফরমেন্সের জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সিভিল সার্জন আশুতোষ দাস, উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ পুরস্কার গ্রহণ করেন। এই পর্যায়ে প্রকল্পের সুবিধাভোগীরাও প্রকল্পে তাদের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. শাহনেওয়াজ অপুষ্টি দূরীকরণে প্রকল্পের বহু খাতভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি জানান, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মাধ্যম বহু খাতভিত্তিক কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন সরকারের বিবেচনাধীন রয়েছে।
অনুষ্ঠানের সমাপ্তিতে ‘কালেকটিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন’ প্রকল্পের সূচনা ঘোষিত হয় এবং এ প্রকল্পটি ‘নিউট্রিশন এট দ্যা সেন্টার’-এর দ্বিতীয় পর্যায়। বিজ্ঞপ্তি