পুষ্টি সচেতনতায় স্পিকারের ধারণকৃত ভয়েস কল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্টি সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ধারণকৃত মোবাইল ভয়েস কল চালু করা হয়েছে। দেশের চার কোটি মোবাইল ফোন গ্রাহকের কাছে এই বার্তা যাবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে বোতাম টিপে এই বার্তা পাঠানো উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় পুষ্টি সেবার পক্ষ থেকে ২৯ সেকেন্ডের এ ভয়েস কলে স্পিকার শিশু ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে রয়েছে শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো, শিশুর দুই বছর বয়স পর্যন্ত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো, প্রসূতি মায়েদের আয়রন ফলিক অ্যাসিড বড়ি খাওয়া ও পুষ্টিজনিত প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ৵কেন্দ্রের সেবা নেওয়া।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বেসরকারি প্রতিষ্ঠান ইথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের সহায়তায় দেশের সব মোবাইল অপারেটরের মাধ্যমে এ বার্তা গ্রাহকদের কাছে পাঠানো হবে। গ্রাহকদের কাছে ০১৫১৩৪৫৬৭৮৯-এ নম্বর থেকে যাবে স্পিকারের এই ভয়েস কল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব বলেন, ‘দেশ অর্থনৈতিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক সূচকেও উন্নতির দিকে যাচ্ছে। অগ্রগতির ধারায় এখন পুষ্টির দিকে নজর দেওয়ার সময় এসেছে। দেশে শিশুমৃত্যুর ৪৫ শতাংশের কারণ পুষ্টি সমস্যা।’