পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর দেশে কৃষি উৎপাদন বেড়ে খাদ্য সহজলভ্য হলেও গরিব মানুষের পুষ্টিকর খাদ্য গ্রহণ খুব একটা বাড়েনি। পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে হলে পুষ্টিকর খাদ্য উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এক সেমিনারে বিশেষজ্ঞরা এই পরামর্শ দিয়েছেন। আন্তর্জাতিক কৃষি গবেষণাবিষয়ক প্রতিষ্ঠানগুলোর জোট সিজিআইএআর ও ওয়ার্ল্ভ্র ফিশ যৌথভাবে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও পুষ্টিতে বিনিয়োগের রোডম্যাপ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে সরকারি ও বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বক্তব্য দেন। তাঁরা বলেন, শুধু ধান উৎপাদন বাড়ালেই হবে না, সবজি, ভুট্টা, গম ও মাছের উৎপাদন বাড়াতে হবে। এ ব্যাপারে সরকারি সংস্থা ও উন্নয়ন-সহযোগীদের এগিয়ে আসতে হবে।পরিকল্পনা কমিশনের সদস্য সাত্তার মণ্ডল বলেন, গরিব মানুষের পুষ্টিচাহিদা পূরণের জন্য মাছ, মাংস, ডিম, দুধের সরবরাহ প্রয়োজন অনুযায়ী বাড়েনি। ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার কথা চিন্তা করলে অবশ্যই গরিব মানুষের পুষ্টির চাহিদা পূরণের বিষয়টি মাথায় রাখতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি।খাদ্য পরিধারণ ও মূল্যায়ন পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক নাসের ফরিদ খাদ্যনিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত এক যুগে শহরে দারিদ্র্যের হার অর্ধেক কমলেও গ্রামে কমেছে মাত্র এক-চতুর্থাংশ। গ্রামের মানুষের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা খাদ্যনিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ। নাসের ফরিদ বলেন, পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে সরকার খাদ্য বিনিয়োগ পরিকল্পনায় স্থানীয় উদ্যোগে বহুমুখী খাদ্য উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে। ৭৮০ কোটি ডলারের এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে ৫০০ কোটি ডলারই এখনো জোগাড় হয়নি।আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) গবেষক এস এ সাত্তার ধানের পুষ্টিমান বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের চালের পুষ্টিমান বেশি। চাল থেকে বেশি পুষ্টি পাওয়া নিশ্চিত করতে ভাতের মাড় না ফেলে রান্নার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের গর্ডন প্রেইন বলেন, দরিদ্র মানুষের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার হতে পারে মিষ্টি আলু। কিন্তু বাংলাদেশে এর চাষ দিন দিন কমে যাচ্ছে।অন্য বক্তারা পুষ্টি নিশ্চিত করতে উন্নত জাতের ভুট্টা, মিষ্টি আলু, ছোট মাছ ও সবজির উন্নত জাত উদ্ভাবন করার সুপারিশ করেন।