পুষ্টিকর খাবার পাচ্ছে না নারী-শিশুরা
পুষ্টি নিশ্চিত করতে শিশুদের খাদ্যতালিকায় সাত গ্রুপের খাবার থাকা দরকার। কিন্তু দেশের শিশুরা মাত্র তিনটি গ্রুপের খাবার খায়। পাশাপাশি প্রজনন বয়সে (১৫-৪৯) নারীরা পাঁচ গ্রুপের খাবার খান। যদিও তাঁদের জন্য দরকার নয়টি গ্রুপের খাবার।
আজ বুধবার ‘কৃষি, পুষ্টি এবং জেন্ডার লিংকেজ (এনজেল) বেসলাইন জরিপ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। কৃষিনীতি সহায়তা ইউনিট এবং কৃষি মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জরিপটির ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি দেশের ৬৪টি জেলায় চার হাজার পরিবারের মধ্যে নভেম্বর ২০১৫ থেকে ২০১৬ সালের জানুয়ারিতে চালানো হয়। ইউএসএআইডির সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের কৃষিনীতি সহায়তা ইউনিট ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) জরিপটি পরিচালনা করে।
জরিপের তথ্য বলছে, দেশের ৩৩ শতাংশ শিশু খর্বকায়। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন কম যথাক্রমে ২২ ও ৯ শতাংশ শিশুর। এসব পরিবারে কেবল ভাত থেকেই মোট ক্যালরির তিন-চতুর্থাংশ গ্রহণ করা হয়। মাছ, ফল ও ভিটামিন গ্রহণের হারও খুব কম।
জরিপে নারীর ক্ষমতায়নও দেখা হয়েছে। তথ্যমতে, দেশে মাত্র ৩১ শতাংশ নারীর ক্ষমতায়ন হয়েছে। পাশাপাশি ৫৮ শতাংশ পরিবারে জেন্ডার সমতা থাকলেও নারী-পুরুষের ক্ষমতায়ন গ্যাপ রয়েছে ২৭ শতাংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ প্রক্রিয়া সরাসরি কৃষি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। সরকার এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে উচ্চফলনশীল বিভিন্ন ধরনের ফসল, কৃষিক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নত করার ওপর জোর দিচ্ছে। এই প্রজেক্টটি কৃষি উন্নয়নে আরও সহায়ক হবে।
বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটছে উল্লেখ করে ইউএসএআইডি বাংলাদেশের উপপরিচালক মাট কার্টিস বলেন, খাদ্য ও অন্যান্য ক্ষেত্রে অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে। এটা পরিবারের বিভিন্ন সদস্যের দক্ষতা অর্জনের জন্যও সহায়ক।
অনুষ্ঠানে বক্তারা জানান, কৃষি, পুষ্টি এবং জেন্ডার—তিনটি বিষয় একে অন্যের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। শিশুদের পুষ্টি, নারীর ক্ষমতায়ন এমনকি পরিবারের আর্থসামাজিক অবস্থাও এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। সরকার কৃষিক্ষেত্রে সঠিক নীতিমালা গ্রহণ করতে এই প্রজেক্টটি গ্রহণ করেছে। এ জন্য প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করতে এই জরিপটি করা হয়। এখন চলছে দরকার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিদেশি প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।