পুষ্টিগুণসম্পন্ন খাদ্যনিরাপত্তা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্যে দেশের সমন্বিত কৃষিব্যবস্থাপনা ও টেকসই খাদ্যনিরাপত্তার জন্য প্রয়োজন দেশের খাদ্যের পুষ্টি উপাদানগুলোর তালিকা প্রণয়ন।
‘বাংলাদেশের জন্য খাদ্য উপাদানের তালিকা’বিষয়ক একটি গবেষণাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক খাদ্য তথ্য ব্যবস্থাপনা নেটওয়ার্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এ গবেষণা কাজটি করে। অধ্যাপক নাজমা শাহীনের নেতৃত্বে গবেষণা দলে ছিলেন আবু তোরাব এম এ রহিম, মো. মোহিদুজ্জামান, পারভিন বানু, মো. লতিফুল বারি, অবন্তী বসাক, এম এ মান্নান, ললিতা ভট্টাচার্য ও বারবারা স্টাডমায়ার।
গবেষণায় দেশীয় খাদ্যগুলোকে ১৫টি ভাগে ভাগ করে তার পুষ্টি উপাদান নির্ণয় করা হয়। ভাগগুলো হলো দানাদার শস্য, ডাল, শাকসবজি, বাদাম, বীজ, মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, তেল ও চর্বিজাতীয় খাবার, পানীয়, বিবিধ ভোজ্যপণ্য প্রভৃতি।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ভবিষ্যৎ করণীয় হলো নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।