পুষ্টিবিজ্ঞানের অনশনরত শিক্ষার্থীরা চিকিৎসা নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) আমরণ অনশনরত শিক্ষার্থীরা কর্মসূচির নবম দিনে চিকিৎসাসেবা নিয়েছেন।এর আগে গত রোববার তাঁরা চিকিৎসাসেবা বর্জন করেছিলেন। অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবদুল্লাহ আল হাদী বলেন, ‘আশা করেছিলাম, সরকারের ঊর্ধ্বতন মহল আমাদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল হবেন। কিন্তু তাঁরা আমাদের দাবির প্রতি দৃষ্টি না দেওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়ে রোববার থেকে চিকিৎসাসেবা বর্জন করছিলেন। গতকাল সোমবার থেকে আবার অভিভাবকদের অনুরোধে অসুস্থ হয়ে পড়া অনশনরত শিক্ষার্থীরা স্যালাইনসহ চিকিৎসাসেবা নিয়েছেন।’এদিকে বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ অনশনরত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিষয়টির সমাধান হওয়া দরকার।খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্নাতক সম্মান ডিগ্রির বদলে স্নাতক প্রকৌশল ডিগ্রির দাবিতে গত জুলাই মাস থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। ১৪ মে থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন।