পুষ্টিবিষয়ক কর্মশালা মায়ের দুধ পানের ওপর গুরুত্বারোপ
নবজাতকের সুস্থতা ও পরিপূর্ণ বিকাশের জন্য ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান এবং দুবছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পারিবারিক স্বাভাবিক খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গতকাল শনিবার ‘শিশুর পুষ্টি ও বিকাশে মায়ের দুধ এবং পারিবারিক খাবারের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় এ পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইমাম, পুরোহিত, ভিক্ষু, ধর্মযাজক, শিক্ষক, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহাবুদ্দিন আহমেদ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়বের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. সালাউদ্দিন মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন ড. রফিক উদ্দিন সিদ্দিকী, ড. শাহনাজ আহমেদ, ড. মোরশেদ ও ড. আসমা ফেরদৌসী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা জহিরুল হক সিদ্দিকী।নবজাতক ও শিশুর জন্য ক্ষতিকর, ভেজাল ও অপ্রয়োজনীয় কৌটার দুধ গণহারে আমদানি বন্ধের দাবি জানিয়েছেন চিকিৎসক ও গবেষকেরা।