
বৈশ্বিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের পুষ্টি পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। শিশুদের খর্বতা, কৃশতা, অতি ওজন এবং নারীদের রক্তস্বল্পতা কমানোর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে নেই।
কৃষি গবেষণায় আন্তর্জাতিক সংস্থা ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান (ইফপ্রি) তাদের ওয়েবসাইটে ‘বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন ২০১৪’ প্রকাশ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর ইতালির রোমে অনুষ্ঠেয় দ্বিতীয় আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন উপলক্ষে বৈশ্বিক পুষ্টি পরিস্থিতির এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা ছিল। তবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই সম্মেলনে যাচ্ছেন।
পুষ্টি নিয়ে বৈশ্বিক প্রতিবেদন এটাই প্রথম। এতে বলা হয়েছে, বিশ্বের প্রতিটি দেশেই অপুষ্টির সমস্যা আছে। পৃথিবীর ২০০ থেকে ৩০০ কোটি মানুষ বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার। কেউ বয়সের তুলনায় খর্ব, কৃশ বা কম ওজনের, কেউ স্থূল আবার কেউ অনুপুষ্টি-উপাদানের ঘাটতিতে ভুগছে। হাড্ডিসার শিশু, শ্বাসকষ্টে ভোগা স্থূলকায় মানুষ, প্রথম জন্মদিনের আগেই মারা যাওয়া শিশু—এসবই অপুষ্টির নানা চেহারা।
প্রতিবেদনে পুষ্টির চ্যালেঞ্জকে একবিংশ শতাব্দীর উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, টেকসই উন্নয়ন এজেন্ডার কেন্দ্রে থাকবে পুষ্টি পরিস্থিতি উন্নতির বিষয়টি। পুষ্টির উন্নতি জীবনব্যাপী এবং আন্তপ্রজন্ম স্থায়ী হয়।
২০১২ সালের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে পুষ্টিবিষয়ক অধিবেশনে পুষ্টি পরিস্থিতি উন্নতির জন্য ছয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, ২০২৫ সালের মধ্যে খর্বকায় শিশু ৪০ শতাংশ, রক্তস্বল্পতার শিকার নারী ৫০ শতাংশ, কম জন্ম ওজনের শিশু ৩০ শতাংশ এবং কৃশকায় শিশুর সংখ্যা ৫ শতাংশ কমাতে হবে। ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়া শিশু ৫০ শতাংশ বাড়াতে হবে। আর স্থূল বা বয়সের তুলনায় অতি ওজনের শিশু কমাতে হবে। তবে এই প্রতিবেদনে খর্বতা, রক্তস্বল্পতা, কৃশতা ও অতি ওজন—এই চারটি সূচক ব্যবহার করা হয়েছে। তাতে দেখা যায়, একটি সূচকেও বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জন হচ্ছে না। ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের মতো এ রকম দেশ আছে আরও ৩০টি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানুষের খর্বতা ২ দশমিক ৭ শতাংশ হারে কমছে। অথচ ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বছরে ৩ দশমিক ৩ শতাংশ হারে খর্বতা কমাতে হবে। অবশ্য কাঙ্ক্ষিত পর্যায়ে অর্জন না হলেও বাংলাদেশ খর্বতা কমানোর ক্ষেত্রে অনেক ভালো করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এখানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বতা কমানোর হার ভারতের চেয়ে দ্বিগুণের বেশি। এটা কেমন করে সম্ভব হলো, তারও একটি ব্যাখ্যা প্রতিবেদনে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সম্পদ বৃদ্ধি, বাবা-মায়ের শিক্ষার উন্নতি, বিশুদ্ধ পানি সরবরাহের আওতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নতি এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বাংলাদেশে প্রজননক্ষম নারীদের একটি বড় অংশ রক্তস্বল্পতায় ভোগে। প্রতিবেদন বলছে, রক্তস্বল্পতা বছরে শূন্য দশমিক ৬ শতাংশ হারে কমছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বছরে রক্তস্বল্পতা ৫ দশমিক ২ শতাংশ হারে কমাতে হবে। অন্যদিকে পাঁচ বছরের কম বয়সী ১৫ দশমিক ৭ শতাংশ শিশু কৃশকায়। কৃশকায় শিশু কত হারে কমছে, তার উল্লেখ না থাকলেও প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রেও লক্ষ্য অর্জনের পথে নেই বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী অধিক ওজনের শিশুর সংখ্যাও বাড়ছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ সঠিক পথে নেই।
বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি বিষয়ে পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি মোটেই ভালো না, এ কথা আমরা বহুদিন বলে আসছি। কারণ, মাঠপর্যায়ে কার্যকর কোনো পুষ্টি কর্মসূচি নেই। কোনো নেতৃত্ব নেই।’ তিনি বলেন, ট্রেন চলার জন্য রেলস্টেশন আছে, রেললাইন আছে। চিকিৎসার জন্য হাসপাতাল আছে। কিন্তু পুষ্টির জন্য কোথাও কোনো ঘর নেই, মানুষের সেবা দেওয়ার আয়োজন নেই। তিনি মনে করেন, দেশে পুষ্টি কার্যক্রম শূন্যতার মধ্য দিয়ে চলছে।
বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঢাকাস্থ জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি করতে হবে। তবে ২০২৫ সাল এখনো অনেক দূরে। লক্ষ্য অর্জিত হবে কি হবে না, তা বলার সময় এখনো আসেনি।
১১৮ পৃষ্ঠার এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু নিম্ন আয়ের দেশের জন্যই নয়, অপুষ্টি সব দেশেরই উদ্বেগের বিষয়, অনেক উচ্চ আয়ের দেশেও এই সমস্যা আছে। যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালের তুলনায় স্থূল মানুষ দ্বিগুণ হারে বাড়ছে। দেশটির বয়স্কদের ৬৯ শতাংশ এবং শিশুদের ৩২ শতাংশ স্থূল। একই সমস্যা যুক্তরাজ্যেও। দেশটির ৬৭ শতাংশ পুরুষ ও ৫৭ শতাংশ নারী স্থূল।
প্রতিবেদনে বলা হচ্ছে, অপুষ্টি দূর করার ক্ষেত্রে উন্নত দেশ ও দাতাগোষ্ঠী তহবিল সরবরাহের যেসব প্রতিশ্রুতি বিভিন্ন সময় দিয়েছিল, তাও অনেক ক্ষেত্রে পূরণ হয়নি। অপুষ্টি দূর করার জন্য দাতা, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি যাঁরা পুষ্টি নিয়ে ভালো কাজ করছেন, তাঁদের সংগঠিত করতে হবে, সহায়তা দিতে হবে এবং তাঁদের ভালো কাজের বিস্তার ঘটাতে হবে।
বাংলাদেশের জন্য করণীয় সম্পর্কে জানতে চাইলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বলেন, মানুষের জীবিকা বা ভালো উপার্জনের ব্যবস্থা করতে হবে, শিশুখাদ্যের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব মার্গারেট চ্যান বলেছেন, পৃথিবীর সব প্রান্তে থাকা অপুষ্টি দূর করতে হলে অনেক ক্ষেত্রে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক প্রতিশ্রুতি বাড়ছে। স্বাস্থ্যকর খাবারের জন্য করণীয় সম্পর্কে অনেক দেশ এখন জানে। এই প্রতিবেদন লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে এবং কোথায় বিনিয়োগ দরকার, তা জানতে সহায়তা করবে।