পুষ্টির কাজে বৈষম্য ও সমন্বয়হীনতা
দেশে পুষ্টি কার্যক্রমে বৈষম্য ও সমন্বয়হীনতা স্পষ্ট ধরা পড়েছে। সাতক্ষীরা জেলায় ১৭টি পুষ্টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সরকারসহ এনজিওগুলো সারা দেশে ২০১টি পুষ্টি প্রকল্প বাস্তবায়ন করছে।
সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক সমীক্ষায় এটা ধরা পড়েছে। গতকাল শুক্রবার ‘নিউট্রিশন অ্যাকটিভিটিস ম্যাপিং অ্যাক্রস সেক্টরস ইন বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের মিলনায়তনে প্রকাশ করা হয়। ইউএসএআইডির অর্থায়নে বেসরকারি প্রতিষ্ঠান ফান্টা-থ্রি ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হেলেন কেলার ইন্টারন্যাশনাল এই সমীক্ষা করেছে।
সমীক্ষায় দেখা গেছে, সারা দেশে বাস্তবায়িত হচ্ছে এমন সরকারি ও বেসরকারি পুষ্টি প্রকল্প ২০১টি। এর মধ্যে সরকারি প্রকল্প ১০০টি। বেসরকারি উদ্যোগে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার মধ্যে গবেষণা প্রকল্প ৫৭টি।
দেখা গেছে, রংপুর ও উপকূলের জেলাগুলোতে পুষ্টি প্রকল্পের সংখ্যা বেশি। পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় (বান্দরবানে ১১টি, রাঙামাটিতে ৮টি ও খাগড়াছড়িতে ৬টি) ২৫টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে দক্ষিণের জেলা সাতক্ষীরায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ১৭টি। দেশের একজন শীর্ষস্থানীয় পুষ্টিবিদ নাম প্রকাশ না করার শর্তে ‘প্রথম আলো’কে বলেছেন, এনজিওরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে সন্তুষ্ট করতে সাতক্ষীরায় নানা প্রকল্প হাতে নেয়।
উপস্থাপনার শুরুতে জাতীয় পুষ্টি সেবার প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশুর ওজন কম, ৪১ শতাংশ খর্বাকার ও ১৬ শতাংশ কৃশকায়। তিনি বলেন, দেশের কোন অঞ্চলে, কারা, কত দিন ধরে পুষ্টিসেবা দিচ্ছে, তা জানার জন্য এই সমীক্ষা করা হয়েছে। জাতীয়ভিত্তিক এ ধরনের কাজ এটাই প্রথম।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে দেশের একাধিক পুষ্টি বিশেষজ্ঞ এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমীক্ষায় বৈষম্য ও সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে। এই উদ্যোগের ফলে পরিকল্পনা গ্রহণ ও অভিজ্ঞতা-বিনিময় সহজ হবে। এখন সরকারের উচিত হবে কাজের সমন্বয় করা এবং পিছিয়ে পড়া এলাকায় কাজের উদ্যোগ নেওয়া।