পুষ্টিশিক্ষা কম ওজনের শিশু জন্মানোর হার কমায়
গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় মা পুষ্টিশিক্ষা পেলে কম ওজনের শিশু জন্মানোর হার কমে। মা ও নবজাতকের ওজন বাড়ে। শিশুকে বুকের দুধ খাওয়ানোর হারও এর ফলে বাড়ে।বাংলাদেশের গবেষকেরা এটা দেখেছেন। ‘ইফেক্টস অফ থার্ড ট্রিমেস্টার কাউনসেলিং অন প্রেগন্যান্সি ওয়েট গেইন, বার্থওয়েট অ্যান্ড ব্রেস্টফিডিং এমাং আরবান পুওর উইমেন ইন বাংলাদেশ’ শিরোনামের গবেষণার ফলাফল গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বোস্টনের জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গর্ভাবস্থায় শেষ তিন মাসে মায়েদের ওজন বৃদ্ধি, নবজাতকের ওজন ও বুকের দুধ খাওয়ানোর অভ্যাসের ওপর পুষ্টি পরামর্শের ফলাফল জানার জন্য এই গবেষণা করা হয়। গর্ভাবস্থার ছয় মাসে আজিমপুরের মা ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসা ১১৫ জন নারীকে এই গবেষণার আওতায় নেওয়া হয় ২০০৫ সালে। ৫৭ জন মায়ের একটি দলকে পুষ্টিশিক্ষা দেওয়া হয়, ৫৮ জনের দলকে শিক্ষা না পাওয়া দল হিসেবে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। দুই দলের নারীদেরই পুষ্টি পরিস্থিতি ও আর্থ-সামাজিক অবস্থা প্রায় একই ছিল। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিএফএফ), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের গবেষকেরা এ গবেষণাটি করেছেন।গবেষণায় দেখা গেছে, পুষ্টিশিক্ষা পাওয়া মায়েদের মধ্যে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুর হার ৭৮ শতাংশ কম আর ৭৫ শতাংশ মা জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর উদ্যোগ নেয়। শিক্ষা না পাওয়া দলের মধ্যে এই হার ৩৫ শতাংশ। পুষ্টিশিক্ষা পাওয়া মায়েদের ওজন অন্য মায়েদের তুলনায় ১ দশমিক ৭৩ কেজি বেশি হয়। গবেষক দলের একজন বিএফএফের বর্তমান সভাপতি এস কে রায়। প্রথম আলোকে তিনি বলেন, গর্ভাবস্থার শুরু থেকেই মায়ের পুষ্টির দিকে নজর দিতে হবে। তবে এ গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শেষ তৃতীয়াংশের পুষ্টিশিক্ষা বেশি কাজে লাগে। তিনি বলেন, ভবিষ্যতে মাতৃস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক কর্মসূচি হাতে নেওয়ার সময় এ গবেষণা ফলাফল ব্যবহার করা যাবে। গবেষণা অনুযায়ী, পুষ্টিশিক্ষা পাওয়া দলকে প্রথম মাসে দুইবার ও প্রসবের পূর্ববতী দুই মাসে একবার করে পুষ্টিশিক্ষা দেওয়া হয়। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, বার বার পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজনীয়তা, গর্ভাবস্থায় মায়ের ওজন বাড়া কেন জরুরি, শিশুকে কেন তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে, ছয় মাস বয়স পর্যন্ত কেন শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে, গর্ভবতী মাকে কেন দিনের বেলায় বিশ্রাম নিতে হবে, খাদ্যনিরাপত্তা, দেশীয় খাবার দিয়ে কীভাবে পুষ্টিকর খিচুড়ি বানানো যায়—এসব বিষয়ে শিক্ষা পান তাঁরা। অন্যদিকে পুষ্টিশিক্ষা না পাওয়া দল হাসপাতাল থেকে ব্যক্তিগত স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, টিকা দেওয়া, আয়রন ট্যাবলেট পাওয়াসহ বিভিন্ন সেবা পায়। গবেষণার প্রয়োজনে প্রসবের আগ পর্যন্ত প্রতিমাসে মায়েদের ও জন্মের ২৪ ঘণ্টার মধ্যে নবজাতকের ওজন নেওয়া হয়েছিল। প্রসবের পর থেকে এক মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস পর্যবেক্ষণ করা হয়।