পুস্তক বাঁধাই শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি
পুস্তক বাঁধাই শ্রমিকদের প্রতিদিন আট ঘণ্টা কাজের মজুরি ২৫০ টাকা নির্ধারণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করেছে পুস্তক বাঁধাই শ্রমিক ফেডারেশন।
গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। শ্যামবাজার, সূত্রাপুর, বাংলাবাজার, প্যারিদাস রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাবাজার এলাকায় গত দুই বছরে পুস্তক বাঁধাই শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। অথচ বাজারে সবকিছুর দাম বেড়েছে। তাই কয়েক মাস ধরে পুস্তক বাঁধাই শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা।
বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমিকদের শ্রমের বিনিময়ে মালিক-প্রকাশকেরা যতটা মুনাফা করেন, তা বিবেচনায় ২৫০ টাকা মজুরি কোনো অন্যায্য দাবি নয়। ইতিমধ্যে শ্রমিকদের দাবির মুখে ১৫ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি। কিন্তু এ সিদ্ধান্ত শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। অবিলম্বে শ্রমিকদের জন্য ২৫০ টাকা মজুরি নির্ধারণ করতে হবে।