পুস্তক বাঁধাই শ্রমিকদের মারধরের প্রতিবাদ
পুরান ঢাকার বাংলাবাজার ও সূত্রাপুর এলাকার পুস্তক বাঁধাই শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল শুক্রবার বিকেলে বাহাদুর শাহ পার্কের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দিনে আট ঘণ্টা কাজের মজুরি ২৫০ টাকা নির্ধারণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে পুস্তক বাঁধাই শ্রমিক ফেডারেশন। তারই অংশ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি সূত্রাপুর থেকে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করেন শ্রমিকেরা। ওই দিনই শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির নেতারা। ওই দিন সন্ধ্যায় শ্রমিক ফেডারেশনের সদস্যসচিব মানিক হোসেন ও সদস্য মনির হোসেন সমিতির কার্যালয়ে গেলে তাঁদের মারধর করা হয়। এ ছাড়া পদযাত্রায় অংশগ্রহণ করায় শ্যামবাজার ও কাগজীটোলার বিভিন্ন কারখানার কয়েকজন শ্রমিককে মারধর ও হুমকি দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচার করতে হবে। পুস্তক বাঁধাই শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক জামিল ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ক ম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সূত্রাপুর থানা শাখার নেতা জাহিদুল ইসলাম খান, কমিউনিস্ট লীগ নেতা তৈয়মুর আলম বক্তব্য দেন।