পুস্তক ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা শাখা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। খুলনা মহানগরসহ জেলার ৩৮৫টি বইয়ের দোকানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ওই সমিতি সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম নগরের কে ডি ঘোষ রোডের বইয়ের দোকানে অভিযান চালান। এ সময় আদালত নিষিদ্ধ নোট বই বিক্রির দায়ে পাঠক প্রিয় লাইব্রেরির মালিক মো. মোখলেসুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং বুক সেন্টারের কর্মচারী ইয়াসিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন।
একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজী আক্তার অভিযান চালিয়ে একই অপরাধে খুলনা বুক ডিপোর কর্মচারী মিলন মাহমুদ এবং বুক সোসাইটির মালিক আবদুল মজিদ তালুকদারকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনার পর ব্যবসায়ীরা কে ডি ঘোষ রোডের সমিতির কার্যালয়ে বৈঠক করে খুলনা মহানগরসহ জেলার সব উপজেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।