রংপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ‘নিউ বাণী মঞ্জিল’ নামের বইয়ের দোকান থেকে দুই হাজার ৩৯৩টি নিষিদ্ধ নোট বই উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে পুস্তক ব্যবসায়ী সমিতি গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শুক্রবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৮০ সালের নোট বই (নিষিদ্ধকরণ) আইনের ৪(১)/(২)/(৩) ধারামতে, এসব নোট বই আটক করা হয়। এর সঙ্গে জড়িত থাকায় ওই রাতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রফিকুল ইসলামকে (৪০) ও দোকানের বিক্রয় প্রতিনিধি মো. আলমগীর হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়। এসব বইয়ের দাম প্রায় ১০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। অভিযান চালিয়ে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই হাজার ৩৯৩টি নোট বই উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেযোগ্য প্রকাশনীগুলো হলো: ‘নিউটন’, ‘জুপিটার’, ‘উৎসব’, ‘লেকচার’, ‘আদিল’, ‘জননী’, ‘পাঞ্জেরী’ ও ‘অনুপম’। পুলিশ জানায়, রংপুর শহরে এই বইয়ের লাইব্রেরি থেকে তারা দীর্ঘদিন ধরে নোট বই বিক্রি করে আসছে। গোয়েন্দা পুলিশের ওসি রওশন মোস্তফা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব নোট বই বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক ও তাঁর কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। রংপুর পুস্তক ব্যবসায়ী সমিতির নেতাদেও দাবি, ব্যবসায়ীদের হয়রানি করতে এই অভিযান চালানো হয়েছে। সমিতির সভাপতি আফজালুর রহমান বলেন, যেসব বই আটক করা হয়েছে সেগুলো নোট বই নয়, এগুলো শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুশীলন বই।