পুড়ছে সংখ্যালঘুদের খড়ের পালা, এলাকায় আতঙ্ক
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার ছয়জন হিন্দু ও দুজন আদিবাসীর খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি মহল এ অপতৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিরামপুরের গঙ্গাদাসপুর গ্রামের অজিত সরকারের ছয়টি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর ৪০ বিঘা জমির খড় পুড়ে যায়। ওই গ্রামের হিন্দু লোকজন অভিযোগ করেন, দুর্বৃত্তরা অজিত সরকারের বাড়িসহ কয়েকটি হিন্দু পরিবারের ঘর জ্বালিয়ে দেওয়ার লক্ষ্যে একসঙ্গে ছয়টি খড়ের পালায় আগুন দিয়েছে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ওই গ্রামের ১০টি হিন্দু পরিবার বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনার পর থেকে ওই এলাকার ৩০০ হিন্দু পরিবার আতঙ্কে আছে। দুর্বৃত্তরা ৪ জানুয়ারি রাতে সাধুরিয়া গ্রামের উত্তম সরকারের ৪০ বিঘা, তপন সরকারের ২০ বিঘা, রিকাবী গ্রামের ধীরেন্দ্র চন্দ্র শীলের পাঁচ বিঘা জমির খড়ের পালা; সুধা চন্দ্র শীলের রান্নাঘরের খড়ের চালা ও ৫ জানুয়ারি রাতে খাট্টাউছনা গ্রামের সুবল চন্দ্রের খড়ের পালায় আগুন দেয়। এ ছাড়া বুধবার রাতে নবাবগঞ্জের ভাদুরিয়ার ইউনিয়নের হরিণা গ্রামের জোসেফ তিগগা ও বিশ্বনাথ তিগগার খড়ের পালায় আগুন দেওয়া হয়।
বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই এসব নাশকতা চালানো হচ্ছে। বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর এএসপি (ফুলবাড়ি সার্কেল) সুশান্ত সরকার ওই দিন বিকেলে ঘোড়াঘাটের কৃষ্ণরামপুর গ্রাম পরিদর্শনে যান।