গ্রীষ্মকাল শুরু হতে না-হতেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং ও লো-ভোল্টেজ। প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হওয়ায় সেচপাম্প চালানো যাচ্ছে না। অনেক জায়গায় সেচপাম্প পুড়ে যাচ্ছে। সেচের অভাবে চৌচির হয়ে গেছে বোরোর খেত। নষ্ট হয়ে যাচ্ছে বিদ্যুত্চালিত বিভিন্ন যন্ত্রপাতি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা লোডশেডিংয়ের ভয়াবহতার কথা স্বীকার করে কারণ হিসেবে সরবরাহ না থাকার কথা বলছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা ও চাটমোহর: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় এ বছর ২৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। এসব জমিতে সেচ দিতে বসানো হয়েছে প্রায় তিন হাজার ৭০০টি বিদ্যুত্চালিত পানির পাম্প। কিন্তু লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে অধিকাংশ সময়ই এসব পাম্প বন্ধ রাখতে হচ্ছে। ঘন ঘন লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে গত এক সপ্তাহে এ তিনটি উপজেলায় পাঁচ শতাধিক পানির পাম্প পুড়ে গেছে। এতে বিক্ষুব্ধ কৃষকেরা গত বুধবার রাতে পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)-১-এর হান্ডিয়াল উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান।চাটমোহরের হান্ডিয়াল এলাকার কৃষক আফতাব হোসেন জানান, লো-ভোল্টেজের কারণে গত তিন দিনে তাঁর দুটি পাম্প পুড়ে গেছে। হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে শুধু তাঁর ইউনিয়নেই গত এক সপ্তাহে ১৫০ থেকে ২০০টি পানির পাম্প পুড়ে গেছে। বিষয়টি পবিসকে জানালেও কোনো লাভ হচ্ছে না। ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকার কৃষক ফরহাদ হোসেন জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কৃষকেরা জমিতে ঠিকমতো সেচ দিতে পারছে না। ফলে চারা নষ্ট হয়ে যাচ্ছে।চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা আজহার আলী বলেন, লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে কৃষকেরা ঠিকমতো জমিতে সেচ দিতে পারছেন না। এ অবস্থা চলতে থাকলে ফলনের ওপর প্রভাব পড়বে। পাবনা পসিস-১-এর মহাব্যবস্থাপক ওমর আলী বলেন, বর্তমানে তাঁদের বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ মেগাওয়াট। তাই তাঁদের কিছু করার নেই।গজারিয়া (মুন্সিগঞ্জ): উপজেলায় ৮২টি বিদ্যুত্চালিত সেচযন্ত্রের আওতায় আবাদি বোরো জমির পরিমাণ ৮৩২ হেক্টর। ভিটিকান্দি গ্রামের বোরোচাষি মোস্তফা মিয়া জানান, লোডশেডিংয়ের কারণে বোরোতে ঠিকমতো সেচ দিতে না পারায় জমি শুকিয়ে গেছে। চলতি গ্রীষ্ম মৌসুমে সেচের চাহিদার সময় রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের কথা থাকলেও গজারিয়ায় দিন-রাতের প্রতি ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে। লোডশেডিং আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা খোদ বিদ্যুৎ বিভাগের।কুমিল্লা পবিস-১-এর গজারিয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, গজারিয়ায় একাধিক সিমেন্ট উৎপাদন কারখানাসহ বড় ও মাঝারি শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগ রয়েছে ২১৯। আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য সংযোগ রয়েছে ২০ হাজার ২৮৩টি। ৬ মার্চ ২৪ ঘণ্টায় ১১ বারে লোডশেডিং হয়েছে ৯ ঘণ্টা এবং ৭ মার্চ আটবারে হয়েছে ১১ ঘণ্টা ৪৫ মিনিট। পবিসের গজারিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম দাবি করেন, অনেক সময় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলেও সরবরাহ বন্ধ রাখতে হয়। ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, সরবরাহ চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। তাই লোডশেডিং করতে হচ্ছে।আদমদীঘি (বগুড়া): ভয়াবহ লোডশেডিংয়ে উপজেলার চাঁপাপুর, কুন্দুগ্রাম, নসরতপুর ও আদমদীঘি সদর ইউনিয়নের কয়েক লাখ মানুষ। এই চার ইউনিয়নে পবিসের আওতায় পাঁচ শতাধিক গভীর ও অগভীর নলকূপ রয়েছে। লোডশেডিংয়ের কারণে এসব সেচযন্ত্র চালানো যাচ্ছে না। ফলে প্রায় ২৫ হাজার একর বোরোর জমি পানিশূন্য হয়ে পড়েছে। কিছু কিছু জমি ফেটে চৌচির হয়ে গেছে। উপজেলার চাঁপাপুরের পালনকুড়ি গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক, কাঞ্চনপুর গ্রামের অমল চন্দ্র ও চাপাপুর সদরের আশরাফ আলী বলেন, কোনো কোনো দিন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। মাঝেমধ্যে পাওয়া যায় দু-তিন ঘণ্টা। এতে শুকনো নালা ভিজে জমিতে পানি যাওয়ার সময়ই চলে যায় বিদ্যুৎ। এ অবস্থা অব্যাহত থাকলে বোরোর আবাদ একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে পবিস দুপচাঁচিয়া জোনের সহকারী মহাব্যবস্থাপক অপূর্ব ভট্টাচার্য বলেন, সমস্যাটি নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।