চট্টগ্রামের হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় গত বুধবার সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোতলা বাস পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিআরটিসি কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নতুনপাড়া এলাকায় বিআরটিসির ডিপোতে বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি এবং আগ্রাবাদ থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক প্রথম আলোকে বলেন, আগুনে একটি দোতলা বাস পুরোপুরি পুড়ে গেছে। বাসটির লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে যায়। অপর চারটি বাস কম-বেশি পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
বুধবার বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিআরটিসির ব্যবস্থাপক (অপারেশনস) আজহার আলী গতকাল প্রথম আলোকে বলেন, এই পাঁচটি বাস চট্টগ্রাম নগরে চলাচল করত। আগুন লাগার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে।
এদিকে একই ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি কাজ করছে বলে প্রথম আলোকে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার।