নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর মাদ্রাসার ছাত্রাবাসের দুই পরীক্ষার্থীর বই-খাতা ও বিছানা শিবিরের কর্মীরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে আটটার সময় ছাত্রাবাসের শিক্ষার্থীরা নামাজ ও খাবারের জন্য বাইরে যায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ছাত্রাবাসের মাহবুব হোসেন নামের এক আলীম পরীক্ষার্থী ও শফিকুল ইসলাম নামের এক দাখিল পরীক্ষার্থীর বই-খাতা ও বিছানাপত্র বাইরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শিক্ষার্থীরা ছাত্রাবাসে এসে ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মোনেয়েম, সভাপতি নুরুজ্জামান ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন।মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত দুই পরীক্ষার্থী ছাত্রলীগের কর্মী। কয়েক দিন আগে এলাকায় পোস্টার লাগানো নিয়ে স্থানীয় বিএনপি ও শিবিরের কর্মীদের সঙ্গে তাদের বাগিবতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বিএনপি ও শিবিরের কর্মীরা ওই দুই পরীক্ষার্থীর বই-খাতা পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।