পুড়িয়ে দেওয়া হয়েছে পোস্ট অফিস, ভোগান্তি
যশোরের কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা পোস্ট অফিসটি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন পুড়িয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা।
এটি পুড়িয়ে দেওয়ায় এলাকার মানুষেরা দুর্ভোগে পড়েছেন।
ডোঙ্গাঘাটা পোস্ট অফিসের ডাক জীবনবিমা গ্রাহক তপন রায় বলেন, ‘এই পোস্ট অফিসে আমার একটি ডাক জীবনবিমা রয়েছে। পোস্ট অফিস পুড়িয়ে দেওয়ার পরে আমার টাকার কী হবে, তা বুঝতে পারছি না।’
একই ধরনের কথা বললেন ডাক জীবনবিমা গ্রাহক ইন্দ্রজিৎ মণ্ডলসহ কয়েকজন।
জানা গেছে, রাজ্জাক মালী নামে জামায়াতের এক কর্মী মারা যাওয়ার গুজব ছড়িয়ে ৬ জানুয়ারি ভোরে উপজেলার গড়ভাঙ্গা বাজারে আওয়ামী লীগের সমর্থকদের ১৬টি দোকান পুড়িয়ে দেন বিএনপি ও জামায়াতের কর্মীরা।
এ সময় গড়ভাঙ্গা বাজারের ডোঙ্গাঘাটা পোস্ট অফিসটিও পুড়িয়ে দেওয়া হয়। পোস্টমাস্টার সিদ্ধার্থ বসু জানান, পোস্ট অফিসটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত। তিনি তাঁর দোকানঘরে পোস্ট অফিসের কাজ করার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও করেন।
এ পোস্ট অফিসে ১০০ বছরের পুরোনো সেগুন কাঠের তৈরি ডেস্ক, টেবিল, চেয়ার ও দুটি টুল ছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় হিসাবখাতা, বিও জার্নাল খাতা, মানি অর্ডার ইস্যু বই, রেজিস্ট্রি ইস্যু বই, এক হাজার ৮৫০ টাকার ডাকটিকিট, এক হাজার ৫০ টাকার রেভিনিউ টিকিট, সঞ্চয়ী হিসাব, ডাক জীবনবিমাসহ পুরোনো মূল্যবান জরুরি কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর যাবতীয় ওষুধ পুড়ে গেছে।
সিদ্ধার্থ বসু বলেন, ‘পোস্ট অফিস থেকে আমি সামান্য ভাতা পাই। এখন পোস্ট অফিসের কার্যক্রম বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমার বাড়িতে পরিচালিত হচ্ছে। নতুন করে কিছু কাগজপত্র দেওয়া হয়েছে, তা দিয়েই দৈনন্দিন কাজ চলছে।’
গত বৃহস্পতিবার সিদ্ধার্থ বসুর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বাড়ির বারান্দায় বসে পোস্ট অফিসের কাজ করছেন। তাঁর পাশে বসে আছেন চিঠি বিলিকারক কৃষ্ণ বসু।’
গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক হওয়ায় আমার একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।’
ডাক বিভাগ যশোর পূর্ব উপবিভাগের পরিদর্শক আশরাফুল আলম বলেন, পুড়ে যাওয়া কাগজপত্রে থাকা হিসাবনিকাশ উদ্ধার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসবাব পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে গ্রামীণ পোস্ট অফিসগুলো ব্যক্তি উদ্যোগেই পরিচালিত হয়।