রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে গত শনিবার দিবাগত রাতে এক স্কুলশিক্ষিকার (৩০) শরীরে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে৷ ওই শিক্ষিকার স্বামী এই ঘটনা ঘটিয়েছেন বলে তাঁর (শিক্ষিকা) বাবা অভিযোগ করেছেন৷
শিক্ষিকা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন৷ শিক্ষিকার বাবা বলেন, শনিবার রাতে তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলে একই সঙ্গে ঘুমাচ্ছিল৷ দিবাগত রাত দুইটার দিকে ঘরের পাটকাঠির বেড়া কেটে তাঁর মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়৷ সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী ও ছেলে আগুন নিভিয়ে মেয়েকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান৷ অবস্থার অবনতি হলে ভোরে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়৷
শিক্ষিকার বাবা আরও বলেন, প্রায় চার বছর আগে জেলার কালুখালী উপজেলার মদাপুরের হজরত আলী শেখের সঙ্গে ওই নারীর বিয়ে হয়৷ কিন্তু বিয়ের পরের বছর থেকেই স্বামী তাঁকে নানাভাবে নির্যাতন করতেন৷ এ কারণে সাত-আট মাস আগে ওই নারী বাবার বাড়িতে চলে আসেন৷ তিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার পাশাপাশি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন৷ কিন্তু হজরত আলী শেখ কয়েকবার তঁাকে রাস্তা থেকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু প্রতিবেশীর সহযোগিতায় রক্ষা পান তিনি৷ হজরত আলী শেখ শনিবার রাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে তিনি অভিযোগ করেন৷
অভিযোগের ব্যাপারে হজরত আলী শেখের বক্তব্য অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ ওই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷