পুড়িয়ে হত্যার দায়ে ফাঁসি
শরীয়তপুরে এক কিশোরীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাজেদুল করিম এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম আবদুস সালাম সরদার (৪০)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ইমাম নুরীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে খাইরুন নেছাকে (১৬) একই গ্রামের আবদুস সালাম সরদার উত্ত্যক্ত করতেন। ১৯৯৯ সালের ৪ মে সালাম তাঁর সহযোগীদের নিয়ে খাইরুনকে বাড়ির পাশের একটি আখখেতে ধরে নিয়ে যান। সেখানে তাঁরা কেরোসিন ঢেলে খাইরুনের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় খাইরুন নেছার বাবা ইব্রাহিম হাওলাদার শরীয়তপুর সদর থানায় সালাম সরদার এবং তাঁর স্বজন হেলেনা আক্তার, মোয়াজ্জেম বিবি ও শিল্পী বেগমের বিরুদ্ধে মামলা করেন। গতকাল দুপুরে চার আসামির উপস্থিতিতে মামলার রায় দেন আদালতের বিচারক সাজেদুল করিম। রায়ে তিনি ফাঁসিতে ঝুলিয়ে সালাম সরদারের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। একই রায়ে তিনি অপর তিন আসামি হেলেনা, মোয়াজ্জেম বিবি ও শিল্পী বেগমকে বেকসুর খালাস দেন।
বাদীপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মির্জা হযরত আলী জানান, বাদী কাঙ্ক্ষিত রায় পেয়েছেন। এমন রায়ের ফলে এ ধরনের অপরাধ থেকে মানুষ বিরত থাকবে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।