পুড়ে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে এজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে মনজিলা আখতার ওরফে মিতু (২০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মিতুর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর স্বামী মনজুর আলম তাঁর গায়ে আগুন ধরিয়ে তাঁকে হত্যা করেছেন।

মনজুর আলমের দাবি, পারিবারিক কলহের জের ধরে মিতু নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিতুর চাচা মনিরুল ইসলাম মনজুর আলমকে আসামি করে আজ শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে হত্যা মামলার এজাহার দায়ের করেছেন।
মনিরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মিতুর সঙ্গে মনজুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনজুর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা শুরু করেন। এ ছাড়া মা-বাবা, আত্মীয়-স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার কারণেও মিতুকে মনজুর সন্দেহ করতেন।
মনিরুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মনজুর মিতুকে নির্যাতন করেন। ওই দিন মিতু মুঠোফোনে তাঁকে এ ঘটনা জানিয়েছিলেন।
মিতুর বাবা মাহবুর আলম জানান, রাত একটার দিকে খবর পেয়ে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে মিতুর কাছ থেকে নির্যাতনের ঘটনা শোনেন।
মিতুর বাবা বলেন, মনজুর গভীর রাতে তাঁর মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরের পাশ থেকে দরজা লাগিয়ে দেন।
মাহবুব আলম বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মিতুকে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকেরা তাঁকে জানান মিতুর শরীরের ৭২ ভাগ অংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ছয়টায় মিতু মারা যান।
মনজুর দাবি করেন, মিতু অন্য ছেলের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। রাতে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মিতু ঘরের দরজা লাগিয়ে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দরজা ভেঙে তিনি ঘরে ঢুকে মিতুকে উদ্ধার করেন ও হাসাপাতালে নিয়ে যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন দেখে বিস্তারিত জানা যাবে।