রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে তিন শতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের দুরছড়ি বাজারের পশ্চিম দিকে সুমল দের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে তাঁরা পারেননি।
দুরছড়ি বাজার কমিটি সূত্র জানায়, বাজারে ২১৯টি দোকান আছে। বাজারের আশপাশ এলাকায় কমপক্ষে ১০০টি পরিবারের বসবাস। এর মধ্যে চার থেকে পাঁচটি দোকান ও ৮-১০টি বাড়ি ছাড়া সব পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে খেদারমারা ইউপির কার্যালয় ও তথ্য সেবাকেন্দ্র।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল কাদের বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকারও বেশি হতে পারে।
আবদুল কাদের বলেন, ঘটনাস্থল থেকে খাগড়াছড়ি শহরের দূরত্ব ৭০ কিলোমিটারের মতো। আর দীঘিনালা স্টেশন ৫০-৫২ কিলোমিটার দূরে। এ ছাড়া দুরছড়ি বাজারে যাওয়ার রাস্তাও সরু। এসব কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে শেফালী সাহা (৫৫) ও আলন রাখাইনকে (৫০) বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বাঘাইছড়ি ইউএনও মো. তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ৩ মেট্রিক টন চাল ও জেলা পরিষদ ১ লাখ টাকা অনুদান দিয়েছে।
বাজার কমিটির সভাপতি মো. খায়রুল আহম্মেদ প্রথম আলোকে বলেন, আগুনে তাঁর ওষুধের দোকান পুড়ে গেছে। কিছু কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে কোটি টাকার বেশি মালামাল ছিল।
ইউএনও মো. তাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা হতে পারে।