পুড়ে গেছে বই মানুষ এলাকাছাড়া বিদ্যালয়টি বন্ধ
খাগড়াছড়িতে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সহিংতার ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার সাতভাইয়া পাড়া গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৪ দিন ধরে বন্ধ রয়েছে। আগুনে অনেক শিক্ষার্থীর বই পুড়ে যাওয়ায় এবং নিরাপত্তার কারণে লোকজন অন্যত্র চলে যাওয়ায় শিক্ষার্থীর অভাবে বিদ্যালয়টি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।গত মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, সাতভাইয়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারজন শিক্ষক উপস্থিত আছেন। তবে ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীদের কেউই নেই। খোঁজ নিয়ে জানা গেল, ২৪ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়টি বন্ধ। বিদ্যালয়টি যে টিলায় অবস্থিত তার চারপাশের ৩৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বই পুড়ে যায় ওই দিন।বিদ্যালয় বন্ধ আছে কেন জানতে চাইলে প্রধান শিক্ষক মিননাথ ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে বিদ্যালয় চালু করা সম্ভব নয়। কারণ নিরাপত্তার অভাব। এ ছাড়া বিদ্যালয়ের আশপাশের ক্ষতিগ্রস্ত লোকজন এখনো বাড়িঘরে ফেরেনি। ছাত্রছাত্রীরা না এলে স্কুল চলবে কীভাবে?’প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৪২ জন। এদের অধিকাংশই সাতভাইয়া পাড়া ও এর আশপাশের এলাকার। এ বছর সবাই বিনা মূল্যে নতুন বই পেয়েছিল। কিন্তু ২৩ ফেব্রুয়ারির সহিংসতার সময় অগ্নিকাণ্ডে ৩১ শিক্ষার্থীর বই পুড়ে যায়। এদের মধ্যে ১৮ জনের বই উপজেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এই শ্রেণীর বই শিক্ষা অফিসে না থাকায় এখনো সংগ্রহ করা যায়নি।সাতভাইয়া পাড়ার অন্য অংশে গিয়ে দেখা যায় কিছু বালক-বালিকা একটি বটগাছের তলায় খেলা করছে। তাদের প্রশ্ন করে জানা গেল, অধিকাংশই সাতভাইয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাদের একজন ক্রাজিরি মারমা তৃতীয় শ্রেণীর ছাত্রী। স্কুলে যাও না কেন—জানতে চাইলে সে জানায়, ‘বই পুড়ে গেছে, স্কুল ড্রেস পুড়ে গেছে। তাই স্কুলে যাই না।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলা রানী দাস জানান, তৃতীয় শ্রেণীর নতুন বইয়ের জন্য ঢাকায় চাহিদাপত্র পাঠানো হয়েছে। নতুন বই আসার আগ পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা চালানোর জন্য আপাতত পুরোনো বই সরবরাহ করা হবে। শিগগির শিক্ষার্থীদের পুরোনো বই দেওয়া হবে।